২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবারের ঈদ ‘শপিংয়ের ঈদ’ না: জাসদ

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে এবার ঈদের আগে শপিং মল, দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সরকারকে আহ্বান জানিয়েছে জাসদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2020, 09:14 PM

Updated : 08 Apr 2022, 12:44 AM

জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, মহামারীর সময়ে এবারের ঈদ শপিংয়ের ঈদ হবে না বলে ঢালাওভাবে শপিংমল-দোকানপাট খুলে জনসমাগমের সুযোগ দেওয়াটা ‘আত্মঘাতী’।

“এবারের ঈদ আনন্দের ঈদ না, শপিংয়ের ঈদ না। করোনা সংক্রমণ বিস্তার রোধে সরকার সংক্রামক রোগ প্রতিরোধ নির্মূল আইন ২০১৮ জারি করে সমগ্র দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে”।

পরিস্থিতি মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপের উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, “সরকারের এত বাস্তব, যৌক্তিক ও কঠোর পদক্ষেপের পরও আইইডিসিআর আশঙ্কা করছে মে মাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৫০ হাজার অতিক্রম করবে।”

এই পরিস্থিতিতে ১০ মে থেকে শপিংমল-দোকানপাট খুলে দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বাতিলের সুপারিশ করেছে জাসদ।

সেই সঙ্গে যাদের ঈদের কেনাকাটার সামর্থ্য আছে, তাদের কেনাকাটা না করে সেই অর্থ কর্মহীন, আয়হীন, অসহায় মানুষকে দেওয়ার আহ্বান জানান ইনু ও শিরীন।

“কর্মহীন আয়হীন নিরূপায় অসহায় মানুষরা ঈদের দিন দুই বেলা পেটভরে খেতে পারলে সেটাই হবে এবারের ঈদের সব চেয়ে আনন্দ।”

পুরনো খবর:

১০ মে থেকে শপিং মল খোলা রাখা যাবে বিকাল ৪টা পর্যন্ত