২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯ প্রতিরোধের সম্মুখযোদ্ধারা মনোবল হারাবেন না: কাদের

করোনাভাইরাস সংকট মোকাবিলায় সম্মুখ যোদ্ধাদের মনোবল না হারানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2020, 04:56 PM

Updated : 08 Apr 2022, 12:43 AM

সোমবার দুপুরে সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ফ্রন্টলাইনে যারা কাজ করছেন, আপনারা কোনো অবস্থাতেই মনোবল হারাবেন না।

“শেখ হাসিনা সরকার আপনাদের সাথে আছে, পুরো জাতি আপনাদের পাশে আছে।”

কাদের বলেন, “আমি দেশের জনগণকেও অনুরোধ করবো সংকটে মনোবল হারাবেন না। জীবন সংগ্রামে প্রতিকূল পরিস্থিতিতে সাঁতার কাটতে অভ্যস্ত একজন নেত্রী শেখ হাসিনা আমাদের সাথে রয়েছেন।”

সারা দেশে ধান কাটা নিয়ে উদ্বেগের অবসান হয়েছে বলেও দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, “কৃষিমন্ত্রী জানিয়েছেন বর্তমানে ৮০ ভাগ ধান কাটা হয়ে গেছে। আমাদের দলীয় কর্মীরাও সারা দেশে ধানকাটায় অংশ নিয়েছে।

“সাম্প্রতিক এক জরিপে এসেছে বিশ্বের ৬৬টি উদীয়মান অর্থনীতির মধ্যে বাংলাদেশ নবম স্থানে। পৃথিবীর অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো। খাদ্য নিরাপত্তার অবস্থা সন্তোষ জনক।”

সামাজিক দূরত্ব না মানলে করোনাভাইরাসের সংক্রমণ বাড়বে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “সংক্রমণের দিক থেকে বহু দেশের তুলনায় আমরা এখনও ভালো থাকলেও সামনের দিনগুলোর পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে, অনেকেরই এমন আশঙ্কা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

“এখন সামাজিক দূরত্ব, ঘরে থেকে স্বাস্থ্যবিধি কঠোর ভাবে মেনে চলার কোনো বিকল্প নেই। তা না হলে আমাদের দুর্বলতায় করোনা আরও বিধ্বংসী হয়ে উঠবে। দুর্বলতর ক্ষেত্রে সংক্রমণ ব্যাপক বিস্তার করবে।”

প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশে আওয়ামী লীগ যে ত্রাণ বিতরণ করেছে তার তালিকা প্রণয়ন করে দলীয় সভানেত্রীর কার‌্যালয়ে পাঠানোরও আহ্বান জানান ওবায়দুল কাদের।