২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় দরিদ্রদের ‘রমজান ফুড প্যাক’ দেবে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন

করোনাভাইরাসজনিত সংকটের মধ্যে রাজধানীর দরিদ্রদের ‘রমজান ফুড প্যাক’ দেবে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2020, 01:09 AM

Updated : 18 Aug 2022, 02:56 PM

মঙ্গলবার ফাউন্ডেশনের সদস্য এবং প্রয়াত খোকার বড় ছেলে ইশরাক হোসেন এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন।

তিনি বলেন, “রোজার মধ্যে আমাদের জন্য খুব কষ্টকর হয়ে পড়ে যখন আমরা দেখতে পাই যে, দিনমজুর- দরিদ্র মানুষগুলোর মধ্যে খাবারের জন্য একটা হাহাকার বিরাজ করছে এবং দুর্ভিক্ষ অবস্থা যা হয়ে গিয়েছে। আজকে যদি আমার বাবা (সাদেক হোসেন খোকা) বেঁচে থাকতেন তাহলে অবশ্যই উনি এই সকল মানুষের পাশে সারা জীবন যেভাবে দাঁড়িয়েছিলেন সেভাবে তিনি দাঁড়াতেন। তার স্মৃতি রক্ষায় আমরা সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন করেছি।

“এই ফাউন্ডেশনের অধীনে আমরা ১০ থেকে ১৫ রোজার মধ্যে একটা টার্গেট নিয়েছি যে, প্রায় আড়াই হাজার পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করব। সেখানে একটি পরিবার কমপক্ষে ৭ থেকে ১০ দিন পর্যন্ত সেহেরি ও ইফতারের জন্য তাদের যেটা ন্যূনতম প্রয়োজন সেটা আমরা মিটাতে পারি।”

তাদের এই কর্মসূচিতে অংশ নিতে স্বচ্ছলদের প্রতি আহ্বান জানিয়ে খোকাপুত্র ইশরাক বলেন, “আজকে আমি একটি আপিল করতে চাই আপনাদের প্রতি যে, ঢাকায় দুই কোটি মানুষ বসবাস করছে। সেখানে থেকে ১০ হাজার সামর্থ্যবান মানুষ যদি ৫০০ করে টাকা এই ফাউন্ডেশনে কনট্রিবিউট করেন তাহলে আমরা আরও ১০ হাজার পরিবারকে এই ‘রমজান ফুড প্যাক’ দিতে পারি।”

ঢাকা দক্ষিণ সিটি করোপোরেশন নির্বাচনে বিএনপির পরাজিত এই মেয়র প্রার্থী বলেন, “এই ফাউন্ডেশনে মাধ্যমেই যে আপনাদের সহযোগিতা করতে হবে, নট নেসেসারিলি। আপনারা যে যেখানে, যে অবস্থান থেকে সহযোগিতাটি করছেন সেটা অব্যাহত রাখেন আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি, দরিদ্র মানুষের প্রতি। আমরা যারা অবস্থা সম্পন্ন মানুষ রয়েছি তাদের উচিত, এই সময়ে এগিয়ে আসার এবং অনেকেই এগিয়ে আসছেন সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই।”

ইশারক বলেন, “আপনারা যে যেখানে আছেন ঘরে থাকবেন। মহান আল্লাহ তালার কাছে দোয়া করছি, আমরা যে মহাদুর্যোগ অতিক্রম করছি তা যেন দ্রুত অতিবাহিত হয় এবং এই থেকে উত্তরণ ঘটিয়ে আমরা আবার স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে যেতে পারি।”