২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় রিজভীকে মুখে লাগাম দেওয়ার পরামর্শ তথ্যমন্ত্রীর

রোজার মাসে বিষোদগার ও মিথ্যাচারের রাজনীতি পরিহার করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2020, 07:54 PM

Updated : 18 Aug 2022, 02:55 PM

সোমবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মোকাবেলায় মানুষের জীবন রক্ষা, খাদ্য সহায়তা দান ও অর্থনীতিকে চাঙ্গা রাখতে জিডিপির তিন দশমিক পাঁচ শতাংশের বেশি প্রণোদনা ঘোষণাসহ যেসব পদক্ষেপ নিয়েছেন, তা আজ সমগ্র বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস-ও প্রধানমন্ত্রীর এসকল কর্মকাণ্ডের প্রশংসা করেছে।

“কিন্তু আমরা দেখছি, বিএনপি তাদের বিষোদগারের রাজনীতি পরিহার করতে পারেনি এবং গতকাল রিজভী সাহেব যে ভাষায় কথা বলেছেন, আমি তাকে অনুরোধ জানাব, রমজান মাসে কথাবার্তায় একটু সংযমী হবার জন্য। রমজান মাসে বিষোদগার ও মিথ্যাচারের রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে আমাদের জনগণের পাশে দাঁড়ানো প্রয়োজন।”

ত্রাণ বিতরণ সরকারি কর্মকর্তারাই করছেন জানিয়ে হাছান মাহমুদ বলেন, “আমাদের দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং দলের পক্ষ থেকে যে কমিটি করার কথা বলা হয়েছে, তারা ত্রাণ বিতরণ করছে। ইতোমধ্যেই লক্ষ লক্ষ মানুষের কাছে ত্রাণ পৌঁছানো হয়েছে। সেই সংখ্যাটাও সহসাই জানানো হবে।

“আর সরকারিভাবে যেসব ত্রাণ দেওয়া হচ্ছে, সেগুলো সরকারি কর্মকর্তারাই বিতরণ করছে। দলের কমিটিকে সরকারি ত্রাণের সাথে এজন্য সমন্বয় করতে বলা হয়েছে, যাতে একজন ব্যক্তিই বারবার ত্রাণ না পায় আবার যেন কেউ বাদ না যায়।”

এসময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।