২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস মোকাবেলায় নানা পরামর্শে প্রধানমন্ত্রীকে সিপিবির স্মারকলিপি

মহামারী করোনাভাইরাস প্রতিরোধ ও জনগণের দুর্ভোগ মোকাবেলায় একগুচ্ছ পরামর্শ জানিয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2020, 02:13 PM

Updated : 08 Apr 2022, 12:41 AM

সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলম স্বাক্ষরিত এই স্মারকলিপিটি রোববার সকালে প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছে দেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন।

সিপিবির দাবি ও পরামর্শগুলোর মধ্যে রয়েছে-

• শুধুমাত্র সরকারি কর্মকর্তা নয়, এই দুর্যোগ মোকাবিলায় অভিজ্ঞ গবেষক ও বিজ্ঞানীদের নিয়ে ‘কোভিড-১৯ টাস্কফোর্স’ গঠন করতে হবে।

• দেশীয় গবেষকদের এ সংক্রান্ত গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। করোনা শনাক্তের কিট উৎপাদন, প্রতিষেধক তৈরির গবেষণাকে উৎসাহ দিতে হবে ও এজন্য বিশেষায়িত ল্যাবরেটরি তৈরি করতে হবে।

• জাতীয় বাজেট পুনর্বিন্যস্ত করে করোনা-মহাবিপর্যয় মোকাবিলার জন্য বাজেটের পর্যাপ্ত টাকা বরাদ্দ করতে হবে। এই বরাদ্দ থেকে ১০ হাজার কোটি টাকা হাসপাতাল, যন্ত্রপাতিসহ চিকিৎসা সরঞ্জাম, প্রতিকারের ওষুধের জন্য গবেষণা, চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী এবং তাঁদের জন্য বিমা-সুবিধা ও প্রণোদনা ইত্যাদির জন্য ব্যয় করতে হবে।

• বরাদ্দকৃত অর্থ দিয়ে সব জেলা হাসপাতালসহ সব সরকারি-বেসরকারি হাসপাতালে পর্যাপ্ত আইসিইউ ব্যবস্থা, রেসপিরেটর, ভেন্টিলেটর মেশিন ইত্যাদির ব্যবস্থা করতে হবে।

• করোনা পরীক্ষার জন্য দেশের প্রতিটি জেলায় অন্তত একটি করে ‘বিশেষায়িত ল্যাব’ স্থাপন এবং এজন্য প্রশিক্ষিত জনবলের সংখ্যা বাড়াতে হবে। শ্রমজীবী মানুষের জন্য বিনা খরচে করোনা পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

• যত দ্রুত সম্ভব সেনা-সহায়তায়, ক্ষুধার্ত ও অনাহারের আশঙ্কাসম্পন্ন পরিবারের তালিকা প্রস্তুত করতে হবে এবং তাদেরকে রেশনকার্ড প্রদান করে, আগামী ৩ মাস বিনা মূল্যে তাদের কাছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিতে হবে। এজন্য কমপক্ষে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিতে হবে।

• গার্মেন্টসহ বিভিন্ন বেসরকারি কারখানা-প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের ১-২ মাস সবেতন ছুটি দিতে হবে।  এ বাবদ ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিতে হবে। এই অর্থ গার্মেন্টসসহ শ্রমিক-কর্মচারীদের ব্যাংক-অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি প্রদানের ব্যবস্থা করতে হবে।

• ইউনিয়ন পর্যায়ে ধান ক্রয়কেন্দ্র খুলতে হবে। গুদাম-সংকট নিরসনে অগ্রীম টাকা দিয়ে কৃষকের কাছ থেকে ধান কিনে কৃষকের গোলায় রাখার ব্যবস্থা গ্রহণ এবং অস্থায়ী ফসল-সংরক্ষণাগার স্থাপন করতে হবে।

• বর্তমান সংকটকালে ক্ষুদ্র ও মাঝারি সবজি-চাষি, পোল্ট্রি, ডেইরি ও গবাদিপশু খামারীকে জনপ্রতি ১০ হাজার টাকা সরাসরি সহায়তা প্রদান করতে হবে। প্রকৃত কৃষক ও খামারীদের জন্য ২% সরল সুদে ঋণের ব্যবস্থা করতে হবে।

• সারা দেশে প্রতিটি গ্রামে, গ্রামবাসীদের আস্থাভাজন মানুষকে সামনে রেখে, ‘গ্রাম সুরক্ষা কমিটি’ (বা এ ধরনের নামে) গঠন করতে হবে।

• সিন্ডিকেটের মাধ্যমে অসৎ ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে বাজার অস্থিতীশীল করে যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বৃদ্ধি করতে না পারে, তার জন্য কঠোর নজরদারী ও শাস্তির ব্যবস্থা করতে হবে।

• করোনা সংক্রান্ত গুজব ও কুসংস্কারের বিরুদ্ধে অবস্থান নিতে হবে এবং হালনাগাদ বৈজ্ঞানিক তথ্যগুলো সম্পর্কে জনগণকে অবহিত করতে চেষ্টা করতে হবে।

করোনাভাইরাস মোকাবেলার সিপিবি নিজেদের কর্মকাণ্ড সম্পর্কে স্মারকলিপিতে উল্লেখ করে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের হ্যান্ড-স্যানিটটাইজার প্রকল্প, ‘স্বেচ্ছাসেবক ব্রিগেড গঠন, অসহায়দের মধ্যে খাদ্য বিতরণ, বিভিন্ন জেলায় বিশেষ ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, বোরো ধান কাটায় কৃষকদের সহায়তার কথা বলা হয় এতে। এছাড়াও কমিউনিস্ট পার্টি এবং ‘ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টে’র উদ্যোগে চিকিৎসকদের নিয়ে ২৪ ঘণ্টাব্যাপী ‘হেল্প লাইন’ চালু করা হয়েছে বলে জানানো হয়েছে।