২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোরকে বলছে বাড়ি পাহারা দিতে: রিজভী

করোনাভাইরাস সঙ্কটে দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ বিতরণে সরকারের নীতির সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2020, 02:03 PM

Updated : 08 Apr 2022, 12:41 AM

ক্ষমতাসীন আওয়ামী লীগের ত্রাণ কমিটি করার প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, “যারা আত্মসাৎ করছে… আপনি চোরকে বলছেন বাড়ি পাহারা দিতে। তাহলে আজকে এই ভয়াবহ সঙ্কট কীভাবে …।”

রোববার নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রয়াত বিএনপি নেতা বদরুজ্জামান খসরুর বাড়ির আঙিনায় দুঃস্থ ও গরীবদের মধ্যে ত্রাণ বিতরণের সময় রিজভীর এমন মন্তব্য আসে।

রিজভী বলেন, “সরকারি যে ত্রাণ, সেই ত্রাণটা যাতে নিজেদের লোকরা ভাগ-বাটোয়ারা করে নিয়ে যেতে পারে, আত্মাসাৎ করে নিয়ে যেতে পারে, সেই সুবিধাই তিনি করে দিয়েছেন। এখন ওয়ার্ড পর্যায় থেকে আওয়ামী লীগের লোকেরা ত্রাণ তৎপরতা নিরীক্ষণ করবেন, তারা দেখবেন, তারা এটার সাথে যুক্ত থাকবেন।”

এভাবে সরকার মানুষের জীবন নিয়ে ‘ছিনিমিনি খেলছে’ মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, “এখন ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে পড়েছে এ দেশের মানুষ। প্রতিদিনই লাশের সারি দীর্ঘ হচ্ছে। প্রতিদিন এখন পঞ্চাশ, ষাট, একশ, দেড়শ, দুশ করে আক্রান্ত রোগীর কথা শুনছি।”

বিএনপি নেতাকর্মীরা তাদের ‘সামর্থ্য অনুযায়ী দেশের ১০ লাখ লোককে’ ত্রাণ দিয়েছে বলে দাবি করেন রিজভী।

তিনি বলেন, “আজকে এই আড়াইহাজার থানায় প্রয়াত নেতা বদরুজ্জামান খসরু ভাইয়ের ছেলে মাহমুদুর রহমান সুমন ১২ হাজারের উপরে মানুষকে ত্রাণ দেওয়ার চেষ্টা করেছে, সে অনেক আগে থেকেই এটা করছে। চাল-ডাল-তেল-লবণ এটা যেমন সে মানুষের কাছে পৌঁছাচ্ছে, আবার পাশাপাশি যাকে যেভাবে দরকার টাকা দিয়ে সহায়তা করা হচ্ছে। এটা বিএনপি সারাদেশেই করছে।

“আর জনগণের টাকায় যে সরকারি ত্রাণ, সেই ত্রাণ এখন আমরা পাচ্ছি কোথায়? ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যারা মেম্বার-চেয়ারম্যান, তাদের মাটির নিচের থেকে না হলে খাটের নিচের থেকে তেল-চাল পাওয়া যাচ্ছে।”

মহামারী মোকাবিলায় সরকারের প্রস্তুতি ‘যথেষ্ট ছিল না’ মন্তব্য করে রিজভী বলেন, “দেশের প্রতি, জনগণের প্রতি এদের কোনো দায়বদ্ধতা নেই। আজকে যারা চিকিৎসা করবেন, সেই ডাক্তাররা মারা যাচ্ছেন, রোগীরা মারা যাচ্ছেন। হাসপাতালে চিকিৎসা নেই। করবে কোত্থেকে? এটার জন্য আগে থেকে যে প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতি নেয়নি।”

অন্যদের মধ্যে আড়াইহাজার থানা বিএনপির ভারপ্রাপ্ত সহ-সভাপতি মাহমুদুর রহমান সুমন ও জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

টিআইবি-বিএনপির প্রতিক্রিয়া না বুঝে: হাছান মাহমুদ
আওয়ামী লীগের ত্রাণ কমিটি যেন প্রশাসনের উপর খবরদারি না করে: টিআইবি
আওয়ামী লীগকেও ত্রাণ কাজে নামার নির্দেশ শেখ হাসিনার