মানুষের দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি ওয়ার্কার্স পার্টির
করোনাভাইরাসের সংক্রমণ রোধ, জনগণের জীবনের সুরক্ষা, অর্থনৈতিক দুর্ভোগ লাঘব ও অর্থনৈতিক পুনর্বাসনে প্রশাসনিক নির্দেশ প্রদান ও ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি পাঠিয়েছে ওয়ার্কার্স পার্টি।
প্রশাসনিক নির্দেশ প্রদান ও ব্যবস্থা বাস্তবায়নে জাতীয় ঐক্যের সরকার ও প্রশাসনকে তৃণমূল পর্যন্ত সব দলের অংশগ্রহণ, তত্বাবধান ও সহায়তা নিশ্চিতকরণের দাবিও জানানো হয়েছে এ স্মারকলিপিতে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা স্বাক্ষরিত এ স্মারকলিপিতে যথোপযুক্ত বিশেষজ্ঞ ব্যক্তির নেতৃত্বে চিকিৎসক, এপিডোমলজিস্ট, ভাইরোলজিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি, বিএমএ প্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীদের সংগঠনের প্রতিনিধিদের নিয়ে টাস্কফোর্স গঠনের আহ্বান জানান হয়, যে টাস্কফোর্স সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করবে।
স্মারকলিপিতে প্রধানমন্ত্রী ঘোষিত স্বাস্থ্যবীমা, মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও অন্যান্য প্রণোদনা প্রদানের কার্যকর ব্যবস্থা গ্রহণ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য পিপিই ও মাস্কসহ সুরক্ষা সামগ্রী, করোনা শনাক্তকরণ ও চিকিৎসায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে সংযুক্ত করার সুপারিশ করা হয়।
স্মারকলিপিতে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমজীবী মানুষদের দুর্ভোগ লাঘবে তাদের জন্য ঘোষিত প্যাকেজের পরিমাণ বৃদ্ধি ও তাদের জন্য মোবাইল ব্যাংকের মাধ্যমে তিন মাসের জন্য মাসিক ভিত্তিতে ৫০০০ টাকা নগদ অর্থ প্রদান, দরিদ্র মানুষদের মধ্যে খাদ্য বিতরণের জন্য রেশন কার্ড তৈরি ও প্রদানের দায়িত্ব সেনাবাহিনীকে প্রদান, কৃষি ক্ষেত্রে প্রণোদনা প্যাকেজ ১০ হাজার কোটি টাকায় উন্নীত করা, কৃষককে দেওয়া ঋণ কেবল সার্ভিস চার্জ নিয়ে বিনাসুদে প্রদান, বোরো ধানের মূল্য নিশ্চিত করতে ধান উঠতেই সরকারি ক্রয় কার্যক্রম শুরু ও ক্রয় লক্ষ্যমাত্রা আরও দুই লাখ টনে বৃদ্ধি করা, বর্গাচাষীদের বর্গাসত্ব প্রদান ও নিবন্ধন করা, এনজিও সুদ মওকুফ ও দুর্যোগ চলাকালে হপ্তা আদায় বন্ধ, খেতমজুরদের নিবন্ধন করা ও তাদের রেশন কার্ড চালু ও বছরে ৪০ দিন কাজের পরিবর্তে ১২০ দিনের কাজের কর্মসূচি চালু, সামাজিক নিরাপত্তায় শহরের অসহায় বিধবাদের অন্তর্ভুক্ত করা এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারিদের বেতনের জন্য বিশেষ অনুদান প্রদানের সুপারিশ করা হয়।
প্রধানমন্ত্রী ছাড়াও স্মারকলিপিটি কৃষিমন্ত্রী, খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, সমাজকল্যাণমন্ত্রী ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীসহ সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ওয়ার্কার্স পার্টি।
