২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ডাকে জাতীয় পরামর্শ সভা চায় জাসদ

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশের জন্যও জাতীয় দুর্যোগের ঝুঁকি তৈরি করেছে উল্লেখ করে জাতীয় পরামর্শ সভা ডাকতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2020, 08:32 PM

Updated : 18 Aug 2022, 02:51 PM

সোমবার জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতারের যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশের জন্যও জাতীয় দুর্যোগের ঝুঁকি তৈরি করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মী-জনপ্রশাসন-পুলিশ-সশস্ত্র বাহিনী-জনপ্রতিনিধিদের সাথে নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় দিনরাত কাজ করে যাচ্ছেন।”

যেকোনো মহামারী বা জাতীয় দুর্যোগে সরকার ও প্রশাসনই সামনে থেকে মাঠে কাজ ও সামগ্রিক সমন্বয় সাধন করে উল্লেখ করে এত আরও বলা হয়, “এটাই মহামারী বা জাতীয় দুর্যোগ মোকাবেলার সার্বজনীন পথ। মহামারী বা দুর্যোগ মোকাবেলায় জনগণকে ঐক্যবদ্ধভাবে সরকারের পাশে থাকতে হয়।

“মহামারী বা দুর্যোগকালে রাজনৈতিক দলগুলিও দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ করে সরকারের পাশে দাঁড়ায়। রাজনৈতিক দলগুলো সরকার ও প্রশাসনকে সহযোগিতা করলে সরকার ও প্রশাসনের পক্ষে মহামারী বা দুর্যোগ মোকাবেলা অনেক সহজ হয়।”

এই বিবেচনা থেকেই জাসদ সভাপতি ও সাধারণ সম্পাদক করোনাভাইরাসের দুর্যোগ মোকাবেলায় জাতীয় ঐক্য জোরদার করে ও জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানান।

এজন্য অবিলম্বে রাজনীতিক, বিশেষজ্ঞ চিকিৎসক, অর্থনীতিবীদ, প্রশাসন পরিচালনা অভিজ্ঞ ব্যক্তি, সম্পাদক পরিষদসহ শীর্ষ সাংবাদিকদের পরামর্শ নেওয়ার জন্য ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরামর্শ গ্রহণ করার জন্য জাতীয় পরামর্শ সভা ডাকতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তারা।