২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রেও ২৫-৩০ শতাংশ মানুষ ভোট দেয়: হাছান

সিটি করপোরেশন নির্বাচনে ভোটের হার কম হওয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হতাশা প্রকাশ করলেও দলটির আরেক নেতা হাছান মাহমুদ এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উদাহরণ এনেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2020, 11:01 PM

Updated : 18 Aug 2022, 02:28 PM

তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্রে ভোট দেবার যোগ্য মানুষদের মধ্যে ৬০ শতাংশ ভোটার হিসেবে নিবন্ধিত হয়, আর তার ৪০ থেকে ৫০ শতাংশ ভোট পড়ে। অর্থাৎ মোট ভোট দেবার যোগ্য মানুষদের ২৫ থেকে ৩০ শতাংশ ভোট পড়ে।”

গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে উত্তরে ২৫ ও দক্ষিণে ২৯ শতাংশ ভোট পড়ে। এই নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়ার প্রার্থীদের থেকে প্রায় দ্বিগুণ ভোট পেয়ে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থীরা।

প্রার্থীরা জিতলেও ভোটের হার নিয়ে ভাবতে হচ্ছে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এখানে আমাদের গভীরভাবে ভাবনার বিষয় আছে। আমাদের ভোটের যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ অনুযায়ী, যে ভোট পড়ার কথা ছিল, সেটা তো হয়নি।”

কেন ভোটের হার এত কম, তা পর্যালোচনায় দলের ওয়ার্কিং কমিটির বৈঠক হবে বলে জানিয়েছেন তিনি।

নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ করে ফল বাতিলের দাবি জানিয়েছে বিএনপি।

এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, “আমি বলবো এই গৎবাঁধা কথাগুলো বাদ দিয়ে বাস্তবকে মেনে নিন।”

বুধবার জাতীয় প্রেস ক্লাবে বেসরকারি সংস্থা ‘ট্রমা লিংক’র পঞ্চম বর্ষপূর্তির অনুষ্ঠানে কথা বলেন তথ্যমন্ত্রী হাছান।

ইভিএমে ভোট নিয়ে তিনি বলেন, “ইভিএম প্রত্যেক দলের জন্য পোলিং এজেন্ট হিসেবে কাজ করে। এখানে কারও ফিঙ্গার প্রিন্ট না মিললে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই।”

ঐক্যফ্রন্টের কিছু নেতাও নির্বাচন নিয়ে ‘ফতোয়া’ দেওয়া শুরু করেছেন মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, “শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নন, আমাদের দেশে বিভিন্ন বিষয়ে কোনো কোনো মওলানা যেভাবে ফতোয়া দেন, ঐক্যফ্রন্টের কিছু নেতাও নির্বাচন নিয়ে ফতোয়া শুরু করেছেন।”

বিএনপি নির্বাচনে পরাজয়ের ‘লজ্জা ঢাকার চেষ্টা করছে’ মন্তব্য করে তিনি বলেন, “ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৯ শতাংশ আর উত্তরে ২৫ শতাংশ ভোট পড়েছে। সেই ভোটের মধ্যে আমাদের প্রার্থীরা দ্বিগুণ ভোটে জয়লাভ করেছে।

“এখন এই লজ্জা ঢাকার জন্য তাদের নানা কথা বলতে হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা সেই কথাগুলোই বলছেন।”

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির সমাবেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী হাছান বলেন, “বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি। আদালত ছাড়া তাকে মুক্তি দেওয়ার এখতিয়ার সরকারের নাই। তারা বারবার সরকারের কাছে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে আইন ও আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন।

“সমাবেশ তারা অতীতেও করেছে, আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তারা সমাবেশ করতে গিয়ে হাঙ্গামা করেছে, মানুষের ওপর আক্রমণ করেছে, গাড়িঘোড়া ভাংচুর করেছে।”

সমাবেশের অনুমতি মিলবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনী সমস্ত বিচার বিশ্লেষণ করে অনুমতি দেবে কি দেবে না সিদ্ধান্ত নেবে। আইন-শৃঙ্খলা বাহিনী দেখবে তাদের উদ্দেশ্যটা কী, সমাবেশ করা না কি সমাবেশের নামে বিশৃঙ্খলা তৈরি করা।”

স্কুলে ট্রাফিক আইন শিক্ষা

সড়ক দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সহায়তা দেওয়া বেসরকারি সংস্থা ‘ট্রমা লিংক’র চেয়ারম্যান মৃদুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হাছান মাহমুদ।

সড়ক দুর্ঘটনা রোধে স্কুল থেকেই শিশুদের ট্রাফিক আইন শেখানো পক্ষে মত দিয়ে তিনি বলেন, “তাহলে সেটা তাদের সারা জীবন মনে থাকবে।”

প্রশিক্ষিত চালক তৈরির ওপরও গুরুত্ব দেন তথ্যমন্ত্রী হাছান।

তিনি বলেন, “বিআরটিএ-কে বলব সারা দেশে আরও প্রশিক্ষণ কেন্দ্র খোলার জন্য। বিআরটিএ সার্টিফাইড বিভিন্ন প্রতিষ্ঠান যদি ড্রাইভিং শিক্ষা দেয় তাহলে আমাদের দেশে প্রশিক্ষিত ড্রাইভারের সংখ্যা আরও বাড়বে। অন্তত যে পরিমাণ গাড়ি আছে সেই পরিমাণ ড্রাইভার আমরা পাব।

“যে পরিমাণ গাড়ি আছে তার চেয়ে বেশি ড্রাইভার দরকার। কারণ একজন ড্রাইভার প্রতিদিন গাড়ি চালাতে পারে না।”