খালেদার মুক্তি দাবিতে বিএনপির নতুন কর্মসূচি
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী শনিবার ঢাকায় সমাবেশসহ দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
খালেদা জিয়ার কারাগারে যাওয়ার দ্বিতীয় বর্ষপূর্তির দিনে এই সমাবেশ ডেকেছে দলটি।
মঙ্গলবার রাতে দলের এক যৌথসভার পর কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সামনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কর্মসূচির মধ্যে আছে- ৭ ফেব্রুয়ারি শুক্রবার খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দেশব্যাপী বাদ জুম্মা মসজিদে মসজিদে দোয়া মাহফিল, ৮ ফেব্রুয়ারি বেলা ২টায় ঢাকায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও সারাদেশে জেলা সদরে বিক্ষোভ সমাবেশ।
এছাড়া খালেদার কারাগারের যাওয়ার বর্ষপূর্তিতে পোস্টার ও প্রচারপত্র বিলি করবে বলে জানান বিএনপি মহাসচিব।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় সাজার রায় হওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান খালেদা। পরে জিয়া দাতব্য ট্রাস্ট মামলায়ও তার কারাদণ্ডের রায় হয়।
বন্দি খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়ার পর গত বছরের ১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রয়েছেন।
দলীয় নেত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফখরুল বলেন, “অবিলম্বে দেশনেত্রীকে মুক্তি দেওয়া হোক ও তার চিকিৎসার ব্যবস্থা করা হোক।
“আমরা আশঙ্কা করছি সরকার অত্যন্ত হীন উদ্দেশ্যে তাকে এভাবে অসুস্থতাবস্থায় কারাগারে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশনেত্রীর স্বাস্থ্যের যে কোনো অবনতির জন্য এই সরকারকে সব দায়-দায়িত্ব গ্রহণ করতে হবে এবং জনগণের সামনে তাদেরকে একদিন আদালতে দাঁড়াতে হবে।”
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন,ঢাকা মহানগর নেতা কাজী আবুল বাশার, তুহিনুল ইসলাম তুহিন, যুবদলের সাইফুল ইসলাম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, উলামা দলের শাহ নেছারুল হক, নজরুল ইসলাম তালুকদার, সেলিম রেজা, জাসাসের শায়রুল কবির খান, জাকির হোসেন রোকন, কৃষক দলের হাসান জাফির তুহিন, তাঁতী দলের আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
