নৈতিকভাবে দুর্বল নির্বাচন: বাংলাদেশ জাসদ
পরিবেশ তৈরি করতে না পারায় কম ভোটার উপস্থিতিতে ঢাকা দুই সিটিতে ’নৈতিকভাবে দুর্বল’ নির্বাচন হয়েছে বলে মনে করছে ক্ষমতাসীন আওয়ামী লীগের জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
রোববার দলটির এক বিবৃতিতে আগের দিন অনুষ্ঠিত নির্বাচনের মূল্যায়ন করে বলা হয়, “নির্বাচনে পঁচিশ শতাংশ প্রদত্ত ভোট গণতন্ত্রের চরম দুর্বলতার বহিঃপ্রকাশ।
“একটি ভারসাম্যহীন রাজনৈতিক পরিস্থিতিতে, ভোট কেন্দ্রের সামনে সরকার সমর্থক দলের জমাট উপস্থিতি, বিএনপিসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বী দলের জমায়েতে অক্ষমতা, নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থার সংকট, ভোট কেন্দ্রে অবাধ ও নিরপেক্ষ পরিবেশ রক্ষায় ব্যর্থতার মধ্য দিয়ে নৈতিকভাবে দুর্বল নির্বাচন সম্পন্ন হয়েছে।”
দলের স্থায়ী কমিটির সভার থেকে এমন বক্তব্য আসার কথা জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, “আপাতঃদৃষ্টিতে নির্বাচন শান্তিপূর্ণ হলেও জনগণের অংশগ্রহণ ও নির্বাচনের মান বিবেচনায় এ নির্বাচনের সাফল্য ম্লান হয়েছে। ব্যারিস্টার ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম বিধি মোতাবেক নির্বাচিত মেয়র বটে।”
বাংলাদেশ জাসদ বলছে, “বিদ্যমান শাসন ব্যবস্থায় গণতন্ত্র বন্দি হয়ে পড়েছে। এ নির্বাচন বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা ও রাজনৈতিক দল বিশেষ করে সরকারের লজ্জাজনক ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়।
”দীর্ঘ দিনের প্রশাসন নির্ভর শাসন ব্যবস্থায় ক্রমপ্রসারমান বিরাজনীতিকরণ দেশকে গ্রাস করেছে। পরিস্থিতি এতটাই খারাপ যে ক্ষমতাসীনদের সমর্থকরাও ভোট কেন্দ্রে হাজির হননি। নির্বাচন কমিশনও ব্যর্থ হয়েছে।”
এ নির্বাচন দেশে গণতন্ত্র পুনরুজ্জীবীত করার স্বার্থে দেশের রাজনীতি, রাজনৈতিক ব্যবস্থা ও নির্বাচনী ব্যবস্থা সংস্কারের তাগিদ দিচ্ছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, “নির্বাচন প্রক্রিয়াতে অবাধে ভোট দানের পরিবেশ নিশ্চিত না করলে গণতন্ত্র বিপন্ন হবে।”
বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির সভায় দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন, মোহাম্মদ খালেদ, করিম সিকদার, মঞ্জুর আহমেদ মঞ্জু, নাসিরুল হক নওয়াব, আনোয়ারুল ইসলাম বাবু আলোচনায় অংশ নেন।
