২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইশরাকের সহযোগিতা চাইলেন তাপস

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে পরাজিত প্রতিপক্ষ প্রার্থী ইশরাক হোসেনের প্রতি সমবেদনা জানিয়ে উন্নত ঢাকা গড়তে তার সহযোগিতা চেয়েছেন ভোটে জয়ী শেখ ফজলে নূর তাপস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2020, 10:40 PM

Updated : 18 Aug 2022, 02:27 PM

নির্বাচনের পরদিন রোববার সন্ধ্যায় নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আসেন ঢাকা দক্ষিণের আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী তাপস।

তিনি বলেন, “কোনো অশুভ শক্তি যেন ঢাকাকে অচল করতে না পারে, সেদিকে আমরা খেয়াল রাখব। আমরা ধৈর্যের সাথে যে কোনো অবস্থা মোকাবেলা করব। আমরা সকলের জন্য কাজ করব, দল-মত নির্বিশেষে।

“আমাদের প্রতিপক্ষ বিএনপির যে প্রার্থী পরাজিত হয়েছেন, তার প্রতি সমবেদনা রইল। আমি আশা করব, উন্নত ঢাকা গড়বার লক্ষ্যে তারাও আমাদেরকে সহযোগিতা করবে। তাদের প্রতিও আমাদের শুভ কামনা রইল। আমাদের কারও প্রতি কোনো বিদ্বেষ নেই, সকলকে সাথে নিয়ে আমরা উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে কাজ করতে চাই।”

শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষের প্রার্থী পৌনে ২ লাখের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন নৌকার প্রার্থী তাপস। তবে বিএনপি এই নির্বাচনের কারচুপির অভিযোগ তুলে হরতালও ডেকেছে।

তাপস ঢাকাবাসীর স্বার্থ প্রাধ্যন্য দিয়ে কাজ করতে চান জানিয়ে বলেন, “আমি সবাইকে নিয়েই কাজ করতে চাই। আমি নির্বাচনের আগেও বলেছি, নগর ভবনের দরজা সকল ঢাকাবাসীর জন্য সব সময় খোলা থাকবে। আমরা দল-মত নির্বিশেষে, কিছু ক্ষেত্রে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কাজ করতে চাই। যেটা ঢাকাবাসীর স্বার্থে এবং উন্নয়নে হবে, আমরা সেটাই করব।”

নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করায় ঢাকাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তাদেরকে জয় উৎসর্গ করেন তাপস।

নগরবাসীর প্রতি নিজের আস্থা ছিল জানিয়ে তিনি বলেন, “আমার বিশ্বাস ছিল ঢাকাবাসী উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে সাড়া দেবে এবং সেই সাড়া আমি গতকাল পেয়েছি। আমরা প্রতিজ্ঞাবদ্ধ ও দৃঢ় প্রত্যয় নিয়ে ঢাকাবাসীর নিকট এসেছিলাম, নগরবাসী সেই রায় দিয়েছে।

“এই ম্যান্ডেট নিয়ে আমরা দায়িত্বভার গ্রহণের মাধ্যমে আমরা কাজ আরম্ভ করব। আমরা ঐক্যবদ্ধভাবে একটি নবসূচনা করব এবং ঢাকাবাসীর প্রত্যাশিত যে নগরী তারা চায়, তেমনি একটি উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে সততা, নিষ্ঠা এবং একাগ্রতার সাথে কাজ করব।”

নির্বাচনী প্রচারে ব্যবহৃত ব্যানার-ফেস্টুন সোমবারের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে নির্বাচিত কাউন্সিলর ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান নবনির্বাচিত মেয়র।

তিনি বলেন, “আমাদের অনেক কাজ রয়েছে, অনেক কিছু করার রয়েছে। আমরা চাই একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী।"

সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপির হরতাল প্রসঙ্গে তাপস বলেন, “এটা খুবই দুঃখজনক, ঢাকাবাসী যে রায় দিয়েছে সেটার বিরুদ্ধে এরকম একটা হরতাল ডেকে ঢাকাকে অচল করার যে প্রচেষ্টা নেওয়া হয়েছে, সেটার আমি নিন্দা জানাই। এটা কোনোভাবেই কাম্য নয়।

“ঢাকাবাসী তাদের ভোট প্রয়োগ করে তাদের রায় দিয়েছে, এটাকে সবাই সম্মান করা উচিৎ ছিল। এটাকে গ্রহণ করা উচিত ছিল। আমি খুবই মর্মাহত হয়েছি। জনগণের রায়কে এভাবে প্রত্যাখ্যান করা ঠিক হয়নি বলে আমি মনে করি।” 

মেয়রের হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম কোন বিষয়টিতে নজর দিতে চান-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তাপস বলেন, "প্রথম ৯০ দিনের মধ্যে মৌলিক সেবাগুলো ঢাকাবাসীর দোরগোড়ায় পৌছাতে চাই। আমরা দায়িত্বগ্রহণের সাথে সাথেই কাজ আরম্ভ করব।”