২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিথ্যাচার করছে বিএনপি: নানক

ধানের শীষের প্রার্থীর পোলিং এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে বলে বিএনপি যে অভিযোগ করেছে তা নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2020, 02:07 PM

Updated : 10 Oct 2022, 06:56 PM

শনিবার ঢাকা সিটি ভোটের মাঝপথে দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ভোটের পরিস্থিতি নিয়ে দলের অবস্থান জানাতে সংবাদ সম্মেলনে আসেন তিনি।

এর আগে সকালে ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ করেন। এছাড়া এই সিটিতে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মনিটরিং সেলের সদস্য আব্দুর সালাম আজাদ জানান, প্রায় শতাধিক কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

বিএনপির অভিযোগ প্রসঙ্গে নানক বলেন, “ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীতি মেয়রপ্রার্থী ইশরাক হোসেন চিরাচরিত মিথ্যাচার দিয়ে দিন শুরু করেছেন। তিনি নিজে গোপীবাগ শহীদ শাহজাহান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সেই কেন্দ্রে তিনি যখন ভোট প্রদান করেন তখন তাদের পোলিং এজেন্ট ছিল না। অথচ তারা বায়বীয় কায়দায় মিথ্যাচার করছে যে, বিভিন্ন কেন্দ্র থেকে তাদের পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে।

“আপনারা লক্ষ্য করে দেখবেন যে, ভোট শুরু হওয়ার আগেই ইশরাক বলেছিলেন, ‘আহত বা নিহত যাই হই, ভোটকেন্দ্র ত্যাগ করব না। যেখানে নিজেদের পোলিং এজেন্টের উপস্থিতি নিশ্চিত করতে পারে নাই, সেখানে আগে থেকেই আহত বা নিহত হওয়ার কথা বলে মাঠ গরম করার মধ্য দিয়ে নির্বাচন বানচাল করার দূরভিসন্ধিমূলক পরিকল্পনা বাস্তবায়নে তারা মরিয়া হয়ে উঠেছে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা সিটি ভোট সুষ্ঠু হচ্ছে দাবি করে নানক বলেন, “ঢাকার দুই সিটি কর্পোরেশনে প্রথমবারের মতো শতভাগ ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। ডিজিটাল পদ্ধতিতে ভোটগ্রহণের এই ব্যবস্থাকে আমরা স্বাগত জানাই।

“ভোটাধিকার জনগণের সাংবিধানিক অধিকার। ভোটাররা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এটাই আমাদের প্রত্যাশা। বিএনপি আমলে আমরা দেখেছি সাংবিধানিক অধিকার নিয়ে বিএনপি-জামায়াত জোট ছিনিমিনি খেলেছে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে না, তারা প্রযুক্তির বিপক্ষে কথা বলে। কারণ প্রযুক্তির বিকাশের মধ্যেই স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের ক্ষমতায়নের পথ সুগম হয়। কেন্দ্র দখল করে, সিল পিটিয়ে, একজনের ভোট আরেকজনের দেওয়ার সুযোগ ইভিএম পদ্ধতিতে নেই।”

নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগে আন্তর্জাতিক বিধির লঙ্ঘন হয়েছে অভিযোগ করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, “নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশন দেশি-বিদেশি পর্যবেক্ষক নিয়োগ দিয়েছেন। কূটনৈতিক মিশনগুলো থেকে বিদেশি পর্যবেক্ষকের পাশাপাশি দেশি পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, এক্ষেত্রে

পর্যবেক্ষক নিয়োগ আন্তর্জাতিক বিধির সুস্পষ্ট লঙ্ঘন। বিভিন্ন দূতাবাসে চাকরিরত বাংলাদেশিদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে মনোনীত করে কূটনৈতিক মিশনগুলো সঠিক কাজ করেনি।”

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নানক বলেন, বিশ্বের অনেক গণতান্ত্রিক রাষ্ট্রেই নির্বাচনের আগে জরিপ হয়। 

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের সময় একটি স্বতন্ত্র গবেষণা প্রতিষ্ঠানের নির্বাচনী জরিপের বিষয়ে তিনি বলেন, এই ধরনের গবেষণা ও জরিপের মাধ্যমে নির্বাচন পূর্ববর্তী জনসমর্থনের চিত্র ফুটে ওঠে।

“জরিপের ফলাফল প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। এ ধরনের বিজ্ঞানসম্মত গবেষণালব্ধ ফলাফলে যেহেতু বিএনপির আস্থা নেই সেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে নির্লজ্জভাবে মিথ্যাচার করেছেন,” বলেন তিনি। 

ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, “আপনারা ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করুন। আমরা বিশ্বাস করি, ঢাকার দুই সিটি কর্পোরেশনের ভোটাররা উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনার পক্ষে এবং মহান মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগকে বিজয়ী করবে।”

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনি, আ ফ ম বাহাউদ্দীন নাছিম,  হাছান মাহমুদ,  সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, সাখাওয়াত হোসেন শফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।