২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ ও বিরোধীদলীয় নেতা নিয়ে নাটকীয়তায় বছর পার সংসদের

নানা নাটকীয়তায় এক বছর পার করল একাদশ জাতীয় সংসদ।

সাজিদুল হক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2020, 01:33 AM

Updated : 18 Aug 2022, 02:26 PM

২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের ফল প্রকাশের পর সংসদের প্রথম বৈঠক বসে চলতি বছরের ৩০ জানুয়ারি।

শুরুতেই সংসদে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের যোগ দেওয়া নিয়ে হয়েছিল নাটকীয়তা।

ঐক্যফ্রন্টের নেতা সাবেক আওয়ামী লীগ নেতা সুলতান মনসুর গত ৭ মার্চ শপথ নেওয়ার পর এ নিয়ে আলোচনায় সরব হয় রাজনৈতিক মহল। সুলতান মনসুরের পথ ধরে সংসদে শপথ নেন মোকাব্বির খান।

একাদশ সংসদের অধিবেশন শুরু হয় ২০১৯ সালের ৩০ জানুয়ারি। নিয়ম অনুযায়ী অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে শপথ না নিলে সংসদীয় আসন শূন্য হওয়ার বিধান আছে। বিএনপি সংসদে যোগ দেবে কিনা এ নিয়ে তখন রাজনৈতিক মহলে আলোচনা চলতে থাকে।

৩০ ডিসেম্বর ওই নির্বাচনে অংশ নিয়ে মাত্র ছয়টি আসনে জয় পায় বিএনপি। আর গণফোরামের দুটি মিলিয়ে ঐক্যফ্রন্ট পায় মোট আটটি আসন।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে দাবি করে শপথ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল বিএনপি ও ঐক্যফ্রন্ট।

বিএনপি সংসদে যোগ না দিলে কি হবে- এরকম আলোচনার মধ্যেই হঠাৎ করে ২৫ এপ্রিল  সংসদে গিয়ে স্পিকারের কাছ থেকে শপথ নেন ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ।

এর তিন দিন পর শপথ নেন বিএনপির আরও চারজন। এরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আব্দুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম ও বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন। নির্বাচনে জয়ী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেননি।

তবে বিএনপি থেকে নির্বাচিতরা ওই সময় বলেছিলেন, এলাকার মানুষের চাপে সংসদে যেতে শপথ নিতে বাধ্য হন তারা। যদিও শপথের পর বিএনপি দলীয় সংসদ সদস্য হারুন বলেন, দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা সংসদে গিয়েছেন।

ফখরুলের বগুড়া-৬ আসন শূন্য হওয়ার পর উপনির্বাচনে সেখানে জয়ী হন বিএনপির জিএম সিরাজ।

গত দশম সংসদে পুরো পাঁচ বছর সংসদের বাইরে ছিলো বিএনপি। দশম সংসদ নির্বাচনে অংশ না নেওয়ায় ওই সংসদে বিরোধী দলের আসনে বসে জাতীয় পার্টি। বিরোধী দলের আসনের পাশাপাশি দলের কয়েকজন সরকারের মন্ত্রিসভায় থাকার ফলে রাজনৈতিক মহলে ‘গৃহপালিত’ বিরোধী দল আখ্যা পায় জাতীয় পার্টি। দলের ভেতরেও এ নিয়ে ছিলো নানা কথা। খোদ বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার দলের ‘সম্মান বাঁচাতে’ উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।

Image
একাদশ জাতীয় নির্বাচনে জয়ী আওয়ামী লীগ এবং তাদের শরিক দলের নেতাদের শপথ গ্রহণ।

একাদশ জাতীয় নির্বাচনে জয়ী আওয়ামী লীগ এবং তাদের শরিক দলের নেতাদের শপথ গ্রহণ।

একাদশ সংসদে বিএনপির যোগ দেওয়া প্রসঙ্গে সংসদীয় রাজনীতির গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক নিজাম উদ্দীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দশম সংসদে বিরোধী দলের অবস্থা আমরা সবাই জানি। একাদশ সংসদে অল্প কয়েকজন হলেও বিএনপি সংসদে আছে। তাদের ওপর দায়িত্বও তাই বেশি।”

“সংসদে তারা সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে যথাযথ ভূমিকা রাখতে পারলে ভালো। তাদের উচিত সংসদীয় সকল কাজে অংশ নেওয়া।”

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসলে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এই সংসদের বৈধতা নিয়েই প্রশ্ন রয়েছে। সেখানে সংসদে কতুটকু ভূমিকা রাখছি সেটা নিয়ে আসলে অতটা আলোচনা নেই। সংকট রয়েছে বৈধতা নিয়ে। এর মধ্যেও আমরা চেষ্টা করছি।”

গত ১৪ জুলাই মারা যান একাদশ সংসদের বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এরশাদের মৃত্যুর পর বিরোধী দলীয় নেতা নিয়ে শুরু হয় নাটকীয়তা। চলে পালাপাল্টি চিঠি চালাচালি।

এরশাদের উত্তরসূরি হিসেবে জাতীয় পার্টির নেতৃত্ব কে দেবেন, কে হবেন সংসদে বিরাধী দলীয় নেতা- এই প্রশ্নে তার স্ত্রী রওশন এরশাদ ও ভাই জিএম কাদেরের দ্বন্দ্বে জাতীয় পার্টি ভেঙে যাওয়ার উপক্রম হয়।

পরে দুই পক্ষের নেতারা বসে সমঝোতায় পৌঁছান। সমঝোতা অনুযায়ী দলের চেয়ারম্যান থাকবেন জিএম কাদের আর বিরোধী দলীয় নেতা হবেন রওশন এরশাদ।

দুইপক্ষের পাল্টাপাল্টির মধ্যেই জিএম কাদের বিরোধী দলীয় নেতার স্বীকৃতি পেতে স্পিকারকে চিঠি দেন। কিন্তু পরদিনই রওশন এরশাদ পাল্টা চিঠি দিয়ে ওই চিঠির বিষয়ে ব্যবস্থা না নিতে অনুরোধ করেন।

যদিও সমঝোতায় পৌঁছায় দুই পক্ষ। রওশন বসেন বিরোধী দলের নেতার চেয়ারে আর কাদের দলের চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতার পদে।

একাদশ জাতীয় সংসদ মোট ৫বার অধিবেশনে বসেছে। এর এই ৫ টি অধিবেশনে কার্যদিবস ছিল ৬১টি।

এই সংসদেই প্রথমবারের মতো প্রথম বৈঠকের ১০ কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয় ও সংসদ বিষয়ক ৫০টি সংসদীয় কমিটির সবগুলো গঠন করে রেকর্ড করে সংসদ। এর আগে এত দ্রুত আর কোন সংসদে সংসদীয় কমিটি গঠন করা হয়নি।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, নভেম্বর মাস পর্যন্ত সংসদীয় কমিটিগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বৈঠক করেছে সরকারি হিসাব কমিটি। এ কমিটি ১৮টি বৈঠক করেছে। আর সবচেয়ে কম ৩টি বৈঠক করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

একাদশ সংসদ চলমান অবস্থায় মারা যান সংসদ সদস্য জাতীয় পার্টির একেএম মাঈদুল ইসলাম, সাবেক রাষ্ট্রপতি ও বিরোধী দলীয় নেতা এইচএম এরশাদ, জাসদ নেতা মইন উদ্দীন খান বাদল।

মারা গেছেন সাত এমপি

সংসদের প্রথম বছরে সাত জন সংসদ সদস্য মারা গেছেন। এদের মধ্যে শপথ নেওয়ার আগেই মারা যান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। একাদশ সংসদের এমপিরা যেদিন শপথ নেন, ঠিক সেদিনই (৩ জানুয়ারি) ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Image
সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

অবশ্য শপথ নেওয়ার আগেই মারা যাওয়ায় তাকে সংসদ সদস্য হিসেবে গণ্য করা হয়নি। সংসদে তার আসনও  শূন্য ঘোষণার দরকার পড়েনি।

গত বছরের ১৪ জুলাই মারা যান সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ।

৭ নভেম্বর মারা যান বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি মইন উদ্দীন খান বাদল। গত ২৭ ডিসেম্বর মারা যান গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য মো. ইউনুস আলী সরকার। 

১০ জানুয়ারি মারা যান বাগেরহাট-৪  আসনের ডা. মোজাম্মেল হোসেন।

১৮ জানুয়ারি মারা যান বগুড়া-১ আসনের আবদুল মান্নান এবং সর্বশেষ ২১ জানুয়ারি যশোর-৬ আসনের এমপি ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক মারা গেছেন।