তাপসের ইশতেহার দুই-একদিনের মধ্যে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস আগামী দুই-একদিনের মধ্যে তার নির্বাচনী ইশতেহার প্রকাশের আশা করছেন।
সোমবার দুপুরে খিলগাঁও জোড়া পুকুর এলাকায় নির্বাচনী গণসংযোগের শুরুতে এক প্রশ্নে তিনি বলেন, “ঢাকাবাসীর উদ্দেশ্যে আমরা যে উন্নয়নের রূপরেখা দিয়েছি আমি বিশ্বাস করি তারা এটাকে সাদরে গ্রহণ করেছেন। এভাবে উন্নয়নের রূপরেখা এবারেও কেউ দেয়নি, এর আগে কখনো কেউ দেয়নি।
“সেই নির্দিষ্ট রূপরেখার আওতায় উন্নত ঢাকা গড়ার বিস্তারিত আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে প্রকাশ করব। কিন্তু এ পর্যন্ত আমরা যেগুলো ঢাকাবাসীর মাঝে তুলে ধরেছি, তারা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে।
কবে নাগাদ ইশতেহার ঘোষণা করা হবে জানতে চাইলে তাপস বলেন, “আমাদের নির্বাচনী ইশতেহার প্রণয়নের কার্যক্রম চলছে। নির্বাচন পরিচালনা কমিটি এর ওপরে কাজ করছে। আমরা আশা করছি দুই-একদিনের ভিতরে আমরা পূর্ণাঙ্গ ইশতেহার ঢাকাবাসীর সামনে তুলে ধরতে পারব।”
বিএনপির আপত্তি থাকলেও রাজধানীবাসী ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সাদরে গ্রহণ করেছে বলে মনে করেন তিনি।
তাপস বলেন, “বিএনপি প্রার্থীর নির্বাচন ঢাকাবাসীর উন্নয়নের জন্য নয়, ঢাকাবাসীকে সেবা পৌঁছে দেয়ার জন্য নয়, কষ্ট লাঘবের জন্য নয়, ঢাকাবাসীকে উন্নত ঢাকা উপহার দেয়ার জন্য নয়। বরং তারা বারবার বলছেন এটা তাদের আন্দোলনের একটি অংশ এবং তাদের নেত্রীকে মুক্ত করার আন্দোলনের অংশ হিসেবে তারা নির্বাচনকে দেখছে।
“সুতরাং আমি মনে করি না যে ঢাকাবাসী সেটাকে গ্রহণ করবে। এখন তারা ইভিএমের কথা বলছেন। তবে আমি মনে করি না এ ব্যাপারে ঢাকাবাসীর কোনো শঙ্কা রয়েছে। আমি মনে করি আধুনিক প্রযুক্তি সবাই সাদরে গ্রহণ করেছে। একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে ঢাকাবাসী তাদের সেবক নির্বাচিত করবেন।”
ঢাকায় বায়ুদূষণ রোধে কোনো পরিকল্পনা রয়েছে কিনা- এমন প্রশ্নে নৌকার প্রার্থী বলেন, “অবশ্যই পরিকল্পনা রয়েছে। সুন্দর ঢাকার যে রূপরেখা আমরা দিয়েছি সেখানে আবারো সবুজ-শ্যামল ঢাকা হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আমরা এখন বায়ু দূষণে আক্রান্ত, সুন্দর ঢাকা করার মাধ্যমে আমরা সকল দূষণ রোধ করব “
মেয়র হলে ফুটপাত দখলমুক্ত করার সাথে সাথে হকারদের পুনর্বাসিত করার কথাও জানান তিনি।
“আমাদের সচল ঢাকার যে রূপরেখা রয়েছে সেখানে পর্যায়ক্রমে একটি মহাপরিকল্পনার আওতায় পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সচল ঢাকা গড়ে তুলব। সেখানে রাস্তাঘাট হোক আর ফুটপাত হোক, সেগুলো অবমুক্ত করার ব্যবস্থা নেব। তবে এটা পর্যায়ক্রমে করতে হবে। কারণ যারা ফুটপাতে ব্যবসা করেন তারা আসলেই শোষিত। তাদেরকে শোষণ করা হয় বিভিন্ন মিডলম্যানের মাধ্যমে।
“পর্যায়ক্রমে আমরা তাদের পুনর্বাসনের ব্যবস্থা নেব। এর আগে পূনর্বাসনের কথা বলা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তা নির্ধারণ করে একটি তথ্যভাণ্ডার সৃষ্টি করব। সেই তথ্যভাণ্ডার ব্যবহার করে যারা রাস্তায় ব্যবসা করেন তাদের একদিকে পুনর্বাসিত করব এবং পর্যায়ক্রমে ফুটপাত দখলমুক্ত করব।”
আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঘনের যে অভিযোগ বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে তার জবাবে তাপস বলেন, “যতদিন নির্বাচনী প্রচারণা চলবে বিএনপি অভিযোগ করতেই থাকবে। আমরা কোনো আচরণবিধি লংঘন করছি না। এটা নিছক অভিযোগ করতে হয় বলে তারা করে যাচ্ছে।”
