২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০৪১ সালের মধ্যে উন্নত রাজধানী গড়ে তোলা হবে: তাপস

২০৪১ সালের ঢাকাকে উন্নত একটি রাজধানী হিসেবে গড়ে তুলবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2020, 06:42 PM

Updated : 18 Aug 2022, 02:20 PM

নির্বাচনী প্রচরণার নবম দিন শনিবার যাত্রাবাড়ী এলাকায় এক পথসভায় তিনি বলেন, “আমাদের প্রাণের ঢাকাকে ২০৪১ সাল নাগাদ আমরা উন্নত রাজধানী হিসেবে গড়ে তুলব। যে উন্নত বাংলাদেশের স্বপ্ন আমাদের নেত্রী শেখ হাসিনা দেখিয়েছেন, সেই উন্নত দেশের উন্নত রাজধানী হবে ঢাকা।”

নৌকার পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছেন জানিয়ে তাপস বলেন, “আমরা যেখানেই যাচ্ছি অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমরা যে উন্নয়নের রূপরেখা দিয়েছি আমাদের প্রাণের ঢাকা, ভালোবাসার ঢাকার জন্য, ঢাকাবাসী সেটা সাদরে গ্রহণ করেছে, তারা স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছে।”

ভোটে জয়ের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আমরা আশাবাদী আগামী ৩০ জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে আমাকে নৌকা মার্কায় ভোট দেবে। একই সঙ্গে অত্র ওয়ার্ড থেকে শুরু করে ঢাকা দক্ষিণের ৭৫টি ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের স্ব স্ব মার্কায় নির্বাচিত করে উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে ঢাকাবাসী তাদের সেবক হিসেবে নির্বাচিত করবে।”

“নির্বাচিত হতে পারলে ঢাকাবাসীর সকল নাগরিক ও মৌলিক সেবা পৌঁছে দেয়া এবং ঐত্যিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা ও উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে সততা, নিষ্ঠা এবং একাগ্রচিত্তে একটি পরিকল্পনার আওতায় নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাব, সেবা করে যাব,” বলেন সাংসদ থেকে মেয়র নির্বাচনে আসা তাপস।

তিনি সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর প্রার্থী মাসুদ মোল্লা (ঠেলাগাড়ী) এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী নাজমা বেগমকে (গ্লাস) পরিচয় করিয়ে দেন। 

নির্বাচনী প্রচারণায় তাপসের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, কার্যনির্বাহী কমিটির সদস্য সানজিদা খানম, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।