২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের দুই মেয়র প্রার্থীকে জাসদের সমর্থন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম আতিক ও ফজলে নূর তাপসকে সমর্থন দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2020, 12:32 AM

Updated : 18 Aug 2022, 02:16 PM

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দল জাসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের নেতা-কর্মী ও সমর্থকদের এই দুই প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারাভিযানে ‘ঝাঁপিয়ে পড়ার’ নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার বিকাল ৪টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির স্থায়ী কমিটির সভায় দুই মেয়র প্রার্থীকে সমর্থন ঘোষণা এবং তাদের পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়।

দলের সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন  সাধারণ সম্পাদক শিরীন আখতারসহ কেন্দ্রীয় নেতা মোশারফ হোসেন, মীর হোসাইন আকতার, নুরুল আক্তার, নাদের চৌধুরী ও শাহ জিকরুল আহমেদ।

Image
রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে রোববার ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে আতিকুল ইসলাম এবং ফজলে নূর তাপসের প্রার্থিতা ঘোষণার পর তাদের হাত উঁচু করে ধরেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্য নেতারা।

রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে রোববার ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে আতিকুল ইসলাম এবং ফজলে নূর তাপসের প্রার্থিতা ঘোষণার পর তাদের হাত উঁচু করে ধরেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্য নেতারা।

সভা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের মনোনীত দুই মেয়রপ্রার্থীর প্রতি ঢাকা মহানগরীর যানজট, বিশুদ্ধ পানি সরবরাহ, ডেঙ্গুর জীবাণুবাহী এইডিস ইজিপ্টিসহ সব মশা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা, বায়ু দূষন, বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা, খেলার মাঠ ও পার্ক পুনরুদ্ধার, নদী-খাল-উন্মুক্ত জলাশয় পুনরুদ্ধার, জোনভিত্তিক প্রাইমারি ও মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রভর্তির ব্যবস্থাপনা, পাড়া-মহল্লার রাস্তাঘাট পুনরুদ্ধার ও মেরামত এবং অপরিকল্পিত নির্মাণ ও মেরামত কাজে সম্বন্বয়হীনতা দূর করতে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের দাবি জানায় জাসদ।

এছাড়া ওয়াসা-বিদ্যুৎ-গ্যাস-টেলিফোন-পূর্ত-সড়ক যোগাযোগ-বিআরটিএ-শিক্ষা-স্বাস্থ্য-আবাসনসহ নাগরিকসেবার সাথে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে নিয়ে ‘নগর সরকার’ গঠনের সুনির্দিষ্ট নির্বাচনী অঙ্গীকার ঢাকাবাসীর সামনে ঘোষণা করার আহ্বানও জানানো হয়েছে।

পুরনো খবর:

ঢাকায় আ. লীগের মেয়র প্রার্থী আতিক ও তাপস