২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাউন্সিলর প্রার্থীদের ‘সুরক্ষায়’ রিটার্নিং কর্মকর্তার কাছে ইশরাক

সুনির্দিষ্ট অভিযোগ বা পরোয়ানা ছাড়া কোনো কাউন্সিলর প্রার্থীকে যেন গ্রেপ্তার না করা হয় সেই দাবি নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার কাছে গেলেন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2020, 07:53 PM

Updated : 10 Oct 2022, 06:52 PM

শুক্রবার দুপুরে রাজধানীর গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে গিয়ে এই দাবি জানান অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক।

পুরনো এক নাশকতার মামলায় বিএনপির বংশাল থানার সভাপতি এবং ঢাকা দক্ষিণের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজুকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। এর প্রতিবাদ জানিয়ে বিএনপি বলেছে, নির্বাচনে পরাজয়ের শঙ্কা থেকে তাদের জনপ্রিয় প্রার্থীদের গ্রেপ্তার করা হচ্ছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, “কাউন্সিলর প্রার্থীদের গ্রেপ্তারের ক্ষেত্রে আমরা কমিশনের কাছে একটা সুনির্দিষ্ট নীতিমালা চেয়েছি।”

Image
ঢাকা দক্ষিণ সিটি করপোরশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন শুক্রবার রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন শুক্রবার রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেন আমাদের কাছে মৌখিক অভিযোগ দিয়ে গেছেন যাতে ওয়ারেন্ট ছাড়া কোনো প্রার্থীকে গ্রেপ্তার না করা হয়। আমরা উনাকে লিখিত অভিযোগ দিতে বলেছি, তা বিবেচনায় নেওয়া হবে।”

তিনি বলেন, “আমরা সংশ্লিষ্টদের বলব, অতি উৎসাহী হয়ে কোনো কাজ করা যাবে না। পুরনো মামলায় কাউকে গ্রেপ্তার না করতে আমাদের কাছে অনুরোধ করা হয়েছে। নির্বাচন যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় সেই বিষয়ে আমরা সতর্ক আছি। প্রার্থীরা আচরণবিধি মেনে চলবেন বলে আমাদের কাছে অঙ্গীকার করেছেন, আমরা তা পর্যবেক্ষণ করছি।”