২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিপীড়ন-নির্যাতনে ‘বিচ্যুত হবে না’ বাম জোট

নিপীড়ন-নির্যাতনে জনগণের স্বার্থের লড়াই থেকে বিচ্যুত না হওয়ার প্রত্যয় জানিয়েছেন গণতান্ত্রিক বাম জোটের নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2020, 12:17 AM

Updated : 18 Aug 2022, 02:14 PM

৩০ ডিসেম্বর বাম গণতান্ত্রিক জোট ঘোষিত ‘কালো দিবস’-এর কেন্দ্রীয় ও জেলা কর্মসূচিতে ‘পুলিশি বাধা, হামলার’ প্রতিবাদে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে তারা এই ঘোষণা দেন বলে জোটের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, “গণতান্ত্রিক বাম জোটের নেতারা বলেছেন, হামলা-মামলা করে আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন টিকিয়ে রাখা যাবে না। পুলিশ দিয়ে নিপীড়ন নির্যাতন করে বামপন্থিদের জনগণের স্বার্থের লড়াই থেকে বিচ্যুত করা যাবে না।”

গণতান্ত্রিক বাম জোটের সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জমান রতন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কমিটির সদস্য আ ক ম জহিরুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল ইসলাম সবুজ।

বাম জোটের নেতারা ‘পুরুষ পুলিশের নারী মিছিলকারীদের উপর আক্রমণ এবং আঘাত করে তাদের মাথা ফাটিয়ে দেয়া ও শারীরিক লাঞ্ছনার’ প্রতিবাদ জানান।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।