২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার দেখা পেলেন ইসহাক আলী মাস্টার

শতবর্ষী দেহ নিয়ে আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়েছিলেন কুষ্টিয়ার ইসহাক আলী মাস্টার; মনোবাঞ্ছা ছিল শেখ হাসিনাকে সরাসরি দেখার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2019, 01:20 AM

Updated : 08 Apr 2022, 05:16 PM

বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতার সেই সাধ পূরণ হয়েছে। তৃণমূলের এই নেতাকে সোমবার গণভবনে সাক্ষাৎ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, কথা বলেছেন তার সঙ্গে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া এক ফেইসবুক পোস্টে এই খবর দিয়েছেন।

ইসহাক আলীর ছোট ছেলে আলী মর্তুজা খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, সোমবার বিকেলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ফোন করে তাদের গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যেতে বলেন।     

এরপর ইসহাক আলী, তার ছোট ছেলে আলী মর্তুজা খসরু, ছেলের স্ত্রী শাম্মী আক্তার ও নাতনী মাহিরা মর্তুজা গণভবনে যান।

আলী মর্তুজা বলেন, “নেত্রীর সঙ্গে দেখা করে বাবা বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করেন। স্থানীয় রাজনীতি সম্পর্কে নেত্রী তার কাছে জানতেও চান।”

ইসহাক আলী কুষ্টিয়ার আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, চার বার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হয়েছিলেন তিনি। এলাকার মানুষের কাছে ইসহাক আলী মাস্টার নামে পরিচিত এই রাজনীতিক কুষ্টিয়া সদর থানা আওয়ামী লীগেরও সহ-সভাপতি ছিলেন। তার ছোট ছেলে আলী মর্তুজা খসরু কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

আলী মর্তুজা বলেন, “নেত্রীর সঙ্গে দেখা করতে পেরে আমার বাবা খুবই উৎফুল্ল ছিলেন। তিনি নেত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়াও করেছেন।”

গণভবনে চা, খেজুর ও মিষ্টি দিয়ে ইসহাক আলীর পরিবারকে আপ্যায়িত করা হয়।

প্রচণ্ড শীতের মধ্যে বয়সের ভারে নুয়ে পড়া শরীরে লাঠি ভর করে আওয়ামী লীগের এবারের সম্মেলনে এসে অনেকের নজর কাড়েন ১০১ বছর বয়সী ইসহাক আলী।

সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রবীণের ছবি আওয়ামী লীগের অনেক মন্ত্রী-এমপির ফেইসবুকে ঘুরতে দেখা যায়। তাদের মতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরাও পুরনো এই সহযোদ্ধাকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। 

সম্মেলন চলার মধ্যেই ইসহাক আলী মাস্টারের সঙ্গে কথা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এই শরীর নিয়ে শীতের মধ্যে কেন সম্মেলনে এসেছেন জানতে চাইলে তিনি বলেন, “শেষ ইচ্ছা, শেখের বেটিকে এক নজর দেখার।”

জীবনের পড়ন্ত বেলায় দলের এই সম্মেলনে অংশগ্রহণ নিয়ে ইসহাক আলী বলেছিলেন, “আওয়ামী লীগ আমাদের বংশগত, রক্তের সঙ্গে মিশে আছে। মুজিব ভাইয়ের সঙ্গে আমি পঞ্চাশের দশকের শুরু থেকেই আওয়ামী লীগের রাজনীতি করে আসছি।”

১৯৪৯ সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্নেই দলটির সঙ্গে যুক্ত হন ইসহাক আলী; তারপর থেকে নানা প্রতিকূলতার মধ্যেও এই দলের সঙ্গে রয়েছেন।

তার মতো তৃণমূলের নেতা-কর্মীদেরই আওয়ামী লীগের শক্তির উৎস বলে মনে করেন দলটির সভানেত্রী শেখ হাসিনা।

পুরনো খবর:

‘শেখের বেটিকে’ এক নজর দেখতে সম্মেলনে শতবর্ষী ইসহাক আলী