বাম জোটের মিছিলে হামলার নিন্দায় বিএনপি
একাদশ সংসদ নির্বাচনের বছর পূর্তিতে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশি হামলাকে ‘দুঃশাসনের কালো নজির’ উল্লেখ করে এই ঘটনার নিন্দা জানিয়েছে বিএনপি।
সোমবার দুপুরে পুলিশের হামলার পর রাতে তার নিন্দা জানিয়ে বিবৃতি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একাদশ সংসদ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তুলে কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছিল বাম জোট। বিএনপিও এদিন প্রতিবাদ সমাবেশের কর্মসূচি দিলেও পুলিশের অনুমতি না পাওয়ায় করেনি।
বিবৃতিতে ফখরুল বলেন, “বাম গণতান্ত্রিক জোট তাদের শান্তিপূর্ণ মিছিলের কর্মসূচি পালনের সময় পুলিশের বর্বরোচিত হামলা দুঃশাসনের একটি কালো নজীর। এটি এক কাণ্ডজ্ঞানহীন উন্মত্ততা। অবৈধ সরকারের শাসনকে টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিবেক বিসর্জন দিয়ে রক্ত ঝরানোর আনন্দেই মেতে আছে।”
এই হামলাকে কেন্দ্র করে সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “আবারও প্রমাণিত হল, আওয়ামী সরকার রক্তাক্ত পথেই ক্ষমতায় টিকে থাকতে চায়।গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকারকে বিপন্ন করা এবং ও রক্তপাতের পথই হলো আওয়ামী লীগের ঐতিহ্য।
“বিরোধী দল ও মতের মানুষদের ন্যায়সঙ্গত কর্মসূচিকে নস্যাৎ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়ে জুলুম নির্যাতন চালানো কেবল নিষ্ঠুর ফ্যাসিষ্টদের পক্ষেই সম্ভব। সবদিক দিয়ে ব্যর্থ আওয়ামী সরকার নিজেদের অযোগ্যতা ঢাকতেই সর্বব্যাপী জুলুমের পথ বেছে নিয়েছে।”
