জাতীয় পার্টিতে আটজন অতিরিক্ত মহাসচিব
প্রধান পৃষ্ঠপোষকের পদ তৈরির পর এবার দলে অতিরিক্ত মহাসচিবের পদও সৃষ্টি করেছে জাতীয় পার্টি।
কো চেয়ারম্যান ও সিনিয়র কো চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এ নতুন পদে আটজন নেতাকে দায়িত্ব দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ।
তিনি বলেন, “জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি পার্টির গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে নবম জাতীয় সম্মেলনের সিদ্ধান্ত মোতাবেক জাতীয় পার্টিতে আট জন অতিরিক্ত মহাসচিব নিয়োগ দিয়েছেন।”
বরিশাল বিভাগে সাংসদ গোলাম কিবরিয়া টিপুকে, সাহিদুর রহমান টেপাকে খুলনা বিভাগে, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলামকে রাজশাহী বিভাগে, সাংসদ ফকরুল ইমামকে ময়মনসিংহ বিভাগে, এটিইউ তাজ রহমানকে সিলেট বিভাগে, সাংসদ শামীম হায়দার পাটোয়ারীকে রংপুর বিভাগে, মো. রেজাউল ইসলাম ভুইয়াকে চট্টগ্রাম বিভাগে এবং লিয়াকত হোসেন খোকাকে ঢাকা বিভাগে অতিরিক্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছেন।
এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান পার্টির গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে সম্মেলন উপলক্ষে আট বিভাগে গঠিত হওয়া সাংগঠনিক সমন্বয় কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করেন।
অতিরিক্ত মহাসচিবদের মধ্যে লিয়াকত হোসেন খোকা ছাড়া সবাই গত কমিটিতে সভাপতিমণ্ডলীতে ছিলেন। খোকা ছিলেন পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব। জি এম কাদের চেয়ারম্যানের পদে এলে ইস্তফা নেন রওশন সমর্থক এই নেতা।
রওশন-কাদের দ্বন্দ্ব নিরসনের পর আবার সক্রিয় হন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ খোকা। পরে তাকে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতিও করেন জি এম কাদের।
গত শনিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টির নবম কাউন্সিলের মাধ্যমে দলের চেয়ারম্যান পদে পুনর্বহাল হন জি এম কাদের। আগের কমিটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁও থেকে যান স্বপদে।
এর একদিন পর রোববার জি এম কাদের সিনিয়র কো চেয়ারম্যান ও কো চেয়ারম্যান পদে সাত নেতার নাম ঘোষণা করেন।
আনিসুল ইসলাম মাহমুদ পেয়েছেন দলের সিনিয়র কো-চেয়ারম্যানের পদ । এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, মো. মুজিবুল হক চুন্নু ও সালমা ইসলাম হয়েছেন কো-চেয়ারম্যান।
তারা সবাই গত কমিটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন।
