ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যেন চাঁদাবাজি না হয়: নানক
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী সামনে রেখে যেন কোনো ধরনের চাঁদাবাজি না হয়, সে বিষয়ে সংগঠনটির নেতাকর্মীদের সতর্ক করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
শুক্রবার রাতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের ঢাকা ও এর আশপাশের জেলার নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে তিনি আরও বেশ কিছু নির্দেশনা দেন।
নানক বলেন, “পুনর্মিলনী আমরা জাঁকজমকপূর্ণ ও সুন্দরভাবে করতে চাই। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা থাকবে না। সর্বমহলে প্রশংসিত হবে। তাই প্রতিষ্ঠাবার্ষিকীর নাম করে দেশের কোথাও যেন কেউ চাঁদাবাজিতে না জড়ায়। ছাত্রলীগের নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি বলেন, “পুনর্মিলনীতে যোগ দেওয়ার সময় জনগণের ভোগান্তি সৃষ্টি হয় এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না। যদি হয় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ ছাড়া আর কারও নাম ব্যবহার করে স্লোগান না দেওয়ার নির্দেশনা দিয়ে নানক বলেন, “ব্যক্তির নামে স্লোগান দেওয়া যাবে না। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং সংগঠন হিসেবে ছাত্রলীগ ছাড়া আর কারও নামে স্লোগান দেওয়া যাবে না।”
পুনর্মিলনীর আগে কেন্দ্রীয় ছাত্রলীগসহ সব ইউনিটের নেতাদের নিয়ে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ করার নির্দেশনা দেন তিনি।
নানক বলেন, “আগামী আগামী ১ তারিখ থেকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু হবে। প্রথমে কেন্দ্রীয় ছাত্রলীগ পরে ধাপে ধাপে বিভিন্ন ইউনিটের প্রোগ্রাম হবে।”
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
