২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুবার্ষিকীতে সোহরাওয়ার্দীর প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা

প্রতিষ্ঠাতা সভাপতি ও অবিভক্ত বাংলার সাবেক প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৬তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2019, 04:45 PM

Updated : 18 Aug 2022, 06:12 PM

বৃহস্পতিবার সকাল ৯টায় হাই কোর্ট সংলগ্ন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে দলের নেতাদের নিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শহীদ সোহরাওয়ার্দী জাতীয় স্মৃতি পরিষদ, জাতীয় পার্টি (জেপি), জাতীয় গণতান্ত্রিক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও সোহরাওয়ার্দীর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

১৯৬৩ সালের ৫ ডিসেম্বর বৈরুতের এক হোটেলে এ রাজনীতিবিদ মারা যান।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রয়াত নেতা সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, “তিনি গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তার নেতৃত্বের অসাধারণ বলিষ্ঠতা, দৃঢ়তা ও গুণাবলি জাতিকে সঠিক পথের দিক-নির্দেশনা দিয়েছে।

“গণতন্ত্র, ন্যায়বিচার ও আইন প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অসাধারণ অবদান রেখেছেন। গণতন্ত্রের জন্য তার যে সংগ্রাম সেটি এখনও বাংলাদেশ আওয়ামী লীগ অনুসরণ করে যাচ্ছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ “