সরকারের কারণেই খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না: রিজভী
সরকার ও সরকার প্রধানের কারণেই খালেদা জিয়ার মুক্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বৃহস্পতিবার খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানির পর দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সরকার গণতন্ত্র প্রতিষ্ঠার দিকে না গিয়ে চক্রান্তের বদ্ধ চোরাগলিতে হাঁটছে। সরকার ও সরকার প্রধানের কারণেই বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না।
“তারা তার মুক্তিতে বাধা প্রদান করছে। তার মুক্তিতে সরকারের প্রতিহিংসার মনোভাব থাকায় এক নিষ্ঠুর স্কিম বা ছক অনুযায়ী তারা কাজ করছে। ক্ষমতার মোহে অন্ধ উন্মত্তের মতো আচরণ করছে বেগম জিয়ার মুক্তিতে বাধা দিয়ে এই সরকার।”
রিজভী বলেন, “রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে করায়ত্ত করে কোনো চক্রান্ত সফল হবে না। আইন-আদালত, নির্বাচন কমিশন, গণমাধ্যমকে করায়ত্ত করেছে। এটা করে কোনো লাভ হয় না।
“বেগম জিয়াকে নিয়ে সরকারের সকল চক্রান্ত প্রতিহত করতে জনগণ ও দল আজ ঐক্যবদ্ধ ও অগ্রগামী। বেগম জিয়ার জীবন নিয়ে সরকারের গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সচেতন। তাকে এই মুহূর্তে মুক্তি দিতে হবে।”
গত মঙ্গরবার সুপ্রিম কোর্টের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা, সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে গ্রেপ্তারের নিন্দা জানান তিনি।
সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু, সাইফুল ইসলাম পটু প্রমুখ উপস্থিত ছিলেন।
