২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাই কোর্টের সামনে থেকে দুই বিএনপি নেতা গ্রেপ্তার

বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে হাই কোর্টের সামনে থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2019, 11:51 AM

Updated : 18 Aug 2022, 06:10 PM

শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার বেলা ১০টার দিকে।

“গত মঙ্গলবার হাই কোর্টের সামনের ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে। মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, তারাই ব্যবস্থা নেবে।”

এরপর বেলা পৌনে ২টার দিকে একই এলাকা থেকে হাফিজ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) রাজিব আল মাসুদ জানান।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।

এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের শিকার হয়।

ওই ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে শাহবাগ থানায় মামলা করে পুলিশ। ১৫ থেকে ২০ জনের নাম উল্লেখ করে আরও ৫০০ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয় সেখানে।

সেদিন রাতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। 

একজন পুলিশ কর্মকর্তার জানান, মামলার এজাহারে খায়রুল কবির খোকনের নাম ছিল না।

বৃহস্পতিবার আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন শুনানির জন্য নেতাকর্মীদের সঙ্গে খোকনও আদালতের বাইরে উপস্থিত হয়েছিলেন। সেখান থেকেই তাকে পুলিশ গ্রেপ্তার করে।

পুরনো খবর:

হাই কোর্ট মোড়ে বিএনপিকর্মীদের অবরোধ, ধাওয়া পাল্টা-ধাওয়া
ভাঙচুরের মামলায় আসামি ৫০০, গ্রেপ্তার বিএনপি নেতা উলফাত