‘মুখ ফসকে’ ঠিক কথাই কাদেরের মুখে: খন্দকার মোশাররফ
সরকার সবকিছু ‘নিয়ন্ত্রণ’ করছে দাবি করে তার সপক্ষে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যকে প্রমাণ হিসেবে তুলে ধরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে কাদের দুদিন আগে বলেছিলেন, “আমাদের সব কিছুর ওপর এখন নিয়ন্ত্রণ আছে, দেশের সার্বিক পরিস্থিতির উপর আমাদের নিয়ন্ত্রণ আছে। কিন্তু আমাদের নিয়ন্ত্রণ নেই এক জায়গায়, সেটা হচ্ছে বিএনপির মুখের ওপর।”
রোববার নয়া পল্টনে বিএনপির সমাবেশে খন্দকার মোশাররফ বলেন, “আমি বলব, মুখ ফসকে গিয়ে সাধারণ সম্পাদক সাহেব সঠিক কথাই বলে ফেলেছেন।
“যদিও বিচার বিভাগ-আইন বিভাগের ওপর তাদের সম্পূর্ণ করায়ত্ত না থাকত, তাহলে এই ধরনের অনাচার চলতে পারে না। কারণ একদিকে বিচার বিভাগকে ধমক দিচ্ছে, অন্যদিকে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। ফলে বিচার বিভাগ নিরপেক্ষতা রাখতে ব্যর্থ হচ্ছে।”
খালেদা জিয়ার মুক্তি দাবিতে ঢাকায় এই সমাবেশ করে বিএনপি। দলটির নেতারা অভিযোগ করছেন, বিচার বিভাগের উপর সরকারের নিয়ন্ত্রণের কারণে তাদের নেত্রীর মুক্তি হচ্ছে না।
খন্দকার মোশাররফ বলেন, “আপনাদের মনে আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে বিচারক সাজা দিয়েছিলেন এবং তারেক রহমানকে যে বিচারক সাজা দিয়েছিলেন, এই সরকার পুরস্কার হিসেবে তাদেরকে হাই কোর্টে বিচারপতি বানিয়েছে। আর যে বিচারক তারেক রহমানকে অপর এক মামলায় নির্দোষ বলে খালাস দিয়েছিলেন, সেই বিচারক জীবনের ভয়ে নিজের দেশ থেকে পালিয়ে গিয়ে নিজে বাঁচতে হয়েছে।”
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশে খোলা ট্রাকের উপর দাঁড়িয়ে নেতারা বক্তব্য রাখেন।
বেলা ২টায় সমাবেশ শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যেই নয়া পল্টন সড়কে বিভিন্ন থানা থেকে আসা মিছিলের ঢল নামে। কাকরাইল থেকে ফকিরাপুল পর্যন্ত এই জনস্রোত দেখা যায়। খালেদা জিয়ার ছবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে তার মুক্তির দাবিতে নেতাকর্মীরা শ্লোগান দেয়।
‘অনুমতি’ ছাড়াই সমাবেশ করার হুমকি ফখরুলের
স্বল্প সময়ের নোটিসে পুলিশের এ সমাবেশ করার অনুমতি দেওয়ার সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘আজকে সকাল ১০টার সময় বলেছে যে আপনারা সমাবেশ করতে পারবেন।
“এরপরে আমরা অনুমতি নেব না, এরপরে আমাদের সমাবেশ আমরা যখন প্রয়োজন হয় করব। আমরা রাজপথে নামব; এটা আমাদের শাসনতান্ত্রিক অধিকার। সাংবিধানিক অধিকার যে, আমি আমার যে প্রতিবাদ সেই প্রতিবাদ আমি করতে পারব।”
তিনি বলেন, “আজ আর কোনো বিভেদ নয়, এক হয়ে একসাথে আমাদেরকে আন্দোলনে নেমে পড়তে হবে। অতিদ্রুত আমরা সংগঠিত হয়ে, জনগণকে সংগঠিত করে রাজপথে নেমে গণঅভ্যুত্থান সৃষ্টি করে, গণআন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের দেশনেত্রীকে মুক্ত করব।”
সরকার ‘সবদিক থেকে ব্যর্থ‘ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, “তারা এই রাষ্ট্রকে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আজকে ব্যর্থ করে ফেলেছে। আজকে ব্যবসা-বাণিজ্য লাটে উঠে গেছে, শেয়ার বাজার লুট করে নিয়েছে, ব্যাংকগুলো চালাতে পারছে না। বিশ্ববিদ্যালয়গুলো স্বাধীন নয়, সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছে। আজকে মিডিয়াকে নিয়ন্ত্রণ করছে, সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে তারা আজকে সরকার চালাতে চায়, দেশ চালাতে চায়।”
সরকারের কারণে খালেদা জিয়ার জামিন ‘বিলম্বিত’ হচ্ছে দাবি করে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, “রাজনৈতিক প্রভাবের কারণে আজকে বিচারকরা মুক্ত মনে বিচার করতে পারেন না।
“যে কারণে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে এক বছর ১০ মাস জেলখানায়। আমরা অনেক চেষ্টা করেছি, এখনও চেষ্টা করে চলেছি জামিনে মুক্তি লাভ করানোর জন্যে। কিন্তু সরকারের প্রভাবের কারণে সেটা বিলম্বিত হয়েছে।”
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে দুর্নীতি মামলায় সাজায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবাস করছেন। গত ১ এপ্রিল থেকে গুরুতর অসুস্থ অবস্থায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন।
সমাবেশে বক্তব্য রাখেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, মোহাম্মদ শাহজাহান, এজেডএম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, নাজিমউদ্দিন আলম, আজিজুল বারী হেলাল, মীর সরফত আলী সপু।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের সভাপতিত্বে ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, সহ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম ও মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসানুল্লাহ হাসানের পরিচালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বিএনপির সহযোগী সংগঠনগুলোর নেতাদের মধ্যে বজলুল বাসিত আনজু, নবী উল্লাহ নবী, সাইফুল আলম নিরব, সুলতান সালাহউদ্দিন টুকু, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, আনোয়ার হোসেন, সুলতানা আহমেদ, হাসান জাফির তুহিন, হেলেন জেরিন খান, আবদুর রহিম, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, র্রফিকুল আলম মজনু, শফিকুল আলম মিল্টন, এস এম জিলানী, ফখরুল ইসলাম রবিন বক্তব্য রাখেন।
সমাবেশে বিএনপির সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শিরিন সুলতানা, শাম্মী আখতার, হাবিবুল ইসলাম হাবিব, এবিএম মোশাররফ হোসেন, মাহবুবুল হক নান্নু, শামীমুর রহমান শামীম,আবদুল আউয়াল খান, আনিসুর রহমান তালুকদারসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
