২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়ম বহির্ভূত কিছু নেত্রী সহ্য করবেন না: কাদের

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সম্মেলনে বিতর্কিত কাউকে রাখা হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেছেন, কেউ ঢুকে পড়লে তাকে বাদ দেওয়া হবে, নিয়ম বর্হিভূত কিছু ‘নেত্রী’ সহ্য করবেন না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2019, 05:34 PM

Updated : 18 Aug 2022, 06:04 PM

রোববার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

সারা দেশে কমিটি করার ক্ষেত্রে বিতর্কিত ব্যক্তিদের বাদ দেওয়ার নির্দেশনা সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, “সম্মেলন সামনে রেখে মেয়াদোত্তীর্ণ কমিটি করার ক্ষেত্রে লোক দেখানো পর্যায়ে যাওয়া উচিত নয়। তাড়াহুড়া করতে গিয়ে নিজের দল ভারী করতে খারাপ লোকদের দলে আনা আমরা সমর্থন করি না। দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল অনেক ভালো।”

তিনি বলেন, “নেত্রীর শুদ্ধি অভিযানের সঙ্গে অসামঞ্জস্য রেখে বা সম্পূর্ণ বিপরীতে কোথাও কোনো কমিটিতে কাউকে রাখা যাবে না। সব বিতর্কিত ব্যক্তিদের বাদ দিতে হবে। এর মধ্যে যদি কেউ কমিটিতে আসে তাদেরকেও বাদ দিতে হবে।

“নিয়ম বহির্ভূত কিছু নেত্রী সহ্য করবেন না। দলীয় আদর্শবিরোধী কিছু হলে নেত্রী ব্যবস্থা নেবেন। কাজেই আপনারা নেত্রীর নির্দেশনার আগে যা হয়েছে সেটাও বাদ দিতে হবে।”

ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষয়ক্ষতির কোনো খবর তাদের কাছে নেই বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

প্রশ্নের জবাবে তিনি বলেন, “ঘূর্ণিঝড় কোথাও আঘাত হানল না, আমাদের এই ভুখণ্ডে আসার আগেই দুর্বল হয়ে গেছে- এটা মিডিয়ার খবর। সারা দেশের কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর আমরা পাইনি, জানমালের কোনো ক্ষয়ক্ষতির খবর আসেনি।

“অথচ এর মধ্যেই মির্জা ফখরুল বলে দিয়েছেন সরকার ব্যর্থ। এর আগেও বাজট ঘোষণার আগেই তারা বলেছিল, এটা গরিব মারার বাজেট।”

অযোধ্যা মামলায় ভারতের সর্বোচ্চ আদালতের রায়ের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, “বাবরি মসজিদের ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হল, এটা ভারতের আদালতের রায়। এটা তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলানোর কোনো প্রয়োজন আমরা বোধ করি না। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়।”

মতবিনিময়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।