২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোকার মৃত্যুতে মেয়র খোকনের শোক

সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2019, 04:44 PM

Updated : 18 Aug 2022, 06:02 PM

এক শোকবার্তায় তিনি বলেছেন, “তার মৃত্যুতে দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে গভীর শোক প্রকাশ ও মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।”

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সর্বশেষ মেয়র খোকা ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান।

২০০২ সালে ঢাকা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন বিএনপি নেতা খোকা; সিটি করপোরেশন দুই ভাগ হওয়ার আগে ২০১১ সাল পর্যন্ত মেয়রের দায়িত্বে ছিলেন তিনি।

খোকার আগে ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন সাঈদ খোকনের বাবা মোহাম্মদ হানিফ।

পুরান ঢাকার রাজনৈতিক অঙ্গনে দুই প্রধান দলের দুই প্রভাবশালী নেতা ছিলেন হানিফ ও খোকা। হানিফ ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি; খোকা ছিলেন মহানগর বিএনপির সভাপতি।

খোকা ১৯৯১ সালে সূত্রাপুর-কোতোয়ালি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে ১৯৯৬ ও ২০১১ সালের নির্বাচনেও নির্বাচিত হন তিনি। খালেদা জিয়ার সরকারে মন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন তিনি।

মেয়র আতিকের শোক

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামও।

এক শোকবার্তায় তিনি মুক্তিযুদ্ধে খোকার ‍ভূমিকা স্মরণ করে প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পুরনো খবর:

ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা আর নেই