ক্যাসিনোর চিন্তা ছেড়ে টমেটো চাষ করুন: কৃষিমন্ত্রী
ক্যাসিনো চালানোসহ অসদুপায়ে দ্রুত সম্পদ গড়ার চেষ্টা না করে ‘গ্রীষ্মকালীন টমেটো’ চাষের পরামর্শ দিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
বুধবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ‘কৃষক বাঁচাও-দেশ বাচাও দিবস’ উপলক্ষে আলোচনা সভায় এ পরামর্শ দেন দলের সভাপতিমণ্ডলীর এ সদস্য।
কৃষিমন্ত্রী বলেন, “যারা ক্যাসিনোর মাধ্যমে রাতারাতি বড় লোক হতে চায়, যারা মাদক বিক্রি করে, মাদক পাচার করে, যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী দুর্নীতি করে, আমি তাদের অনুরোধ করব, আপনারা দুর্নীতি দুর্বৃত্তায়নের পথ বন্ধ করে গ্রীষ্মকালীন টমেটো চাষ করেন। তাহলে গ্রেপ্তার হতে হবে না, সামাজিক মর্যাদাও বাড়বে।
“আজকে যারা ক্যাসিনো অভিযোগে অভিযুক্ত, তারা যদি ক্যাসিনো না করে কৃষি কাজ করতো তাহলে তাদের সামাজিক মর্যাদা বাড়তো। কৃষি একটা মর্যাদাপূর্ণ পেশা। এই পেশার সম্ভাবনা আরও বাড়বে বলে আমি মনে করি।”
যুবলীগের নেতাদের চাঁদাবাজি নিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার অসন্তোষ প্রকাশ পাওয়ার পর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকার বিভিন্ন ক্রীড়া ক্লাবে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু হয়।
সেই অভিযানে ক্লাবগুলোতে মদ ও জুয়ার বিপুল আয়োজন পাওয়া যায়। এসব আয়োজনের সঙ্গে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের একাধিক নেতা জড়িত ছিলেন, যাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে।
কৃষির জাতীয়করণ ও আধুনিকরণে সরকারের হাতকে শক্তিশালী করতে কৃষক লীগের সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজাসহ কেন্দ্রীয় নেতানরা বক্তব্য রাখেন।
