২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইট মারতে থাকলে পাটকেল খাবেন: সরকারকে মান্না

দাবি না মেনে ‘অত্যাচার-নির্যাতন’ চালিয়ে গেলে পাল্টা আঘাত আসবে বলে ক্ষমতাসীনদের সতর্ক করেছেন মাহমুদুর রহমান মান্না।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2019, 11:18 PM

Updated : 10 Oct 2022, 09:32 PM

শনিবার এক মানববন্ধনে তিনি বলেন, “আমাদের দাবি খুব পরিষ্কার- পদত্যাগ করুন, নতুন নির্বাচন দিন এবং তার আগে বেগম জিয়াকে মুক্ত করে দিন। যত রাজনৈতিক নেতা-কর্মী আছে তাদের ছেড়ে দিন, একটা গণতান্ত্রিক পরিবেশ আনেন। আমরা আপনাদের বলছি, আমরা প্রতিহিংসার রাজনীতি চর্চা করতে আসিনি।

“কিন্তু যদি এ রকম মনে করেন, শুধু ইট মারতে থাকেন তাহলে কিন্তু পাটকেল খাবেন। তার জন্য আপনাদেরকে তৈরি থাকতে হবে। খুব বেশি দিন এ রকম অত্যাচার জনগণ সহ্য করবে না। মানুষ এখন প্রতিবাদী। সমস্ত মানুষ জানে এগুলো কী কী চলছে।”

নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্নার মতে, বাংলাদেশে এখন বিদ্রোহের ‘আগুন জ্বলছে’।

তিনি বলেন, “এই সরকার চাই না, চলে যান। আমরা বললেই যাবেন সে রকম নয়। কিন্তু সেই যে বলেন না, ওই যে সিনেমার ডায়ালগ দেখেছেন- দড়ি ধরে মার টান। এখন আমরা দড়ি ধরেছি।

“এই দড়ি দিয়ে ক্যাসিনো ধরে ফেলেছে, এই দড়ি দিয়ে সম্রাট ধরেছে, প্রজা ধরেছে, এই দড়ি দিয়ে অনেক লোক ধরে ফেলেছে, এই দড়ির জালের মধ্যে আছেন। টান যেদিন পড়বে সেদিন পায়ের নিচে কিছুই থাকবে না, সেদিন ক্ষমতায়ও থাকবেন না, সেদিন পালাবারও জায়গা পাবেন না।”

আওয়ামী লীগের লোকজনই এখন সব ধরনের অপকর্ম জড়িত দাবি করে তিনি বলেন, “আপনারা যা-ই করার চেষ্টা করেন নিজের লোকই ধরা খাচ্ছে। চোর তো আপনারাই, দুর্নীতিবাজ আপনারাই, জুয়া-ক্যাসিনো আপনারাই খেলেন, আপনারাই খেলান। আপনারাই দেশটার সমস্ত লুটপাট করে ফোকলা করে ফেলেছেন। অন্য কারো নামে এখন অভিযোগ দিতে পারবেন?

“আমি সতর্ক করি, যারা দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, অন্য এদিক-ওদিক তাকাবার চেষ্টা করবেন না। অহেতুক বিষয়টাকে রাজনীতি বানাবার চেষ্টা করবেন না, অহেতুক নিজের দলের সংকট অন্য দলের ঘাড়ে চাপাবার চেষ্টা করবেন না। যখন আপনাদের পায়ের তলায় মাটি নাই তখন জোর করে অন্য জায়গা থেকে নিজের পায়ে মাটি দেবার চেষ্টা করবেন না। তাতে আপনি শক্তি অর্জন করতে পারবেন না।”

‘বুদ্ধিজীবীদের’ নিয়ে ক্ষোভ

একাদশ সংসদ নির্বাচনে অনিয়ম নিয়ে কথা না বলায় কথিত বুদ্ধিজীবীদের একাংশের সমালোচনা করেছেন মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, “কিছু কিছু বুদ্ধিজীবী আছেন তারা আবার নসিহত করেন, মানুষের বিবেক নষ্ট হয়ে গেছে। মানুষের বিবেক নষ্ট হয়েছে কি? আমার সামনে যে সাংবাদিক বন্ধুরা ছবি তুলছেন, রিপোর্ট লিখছেন আপনাদের বিবেক নাই? ওই বাসের মধ্যে যারা বসে আছেন তাদের বিবেক নাই? আমরা যারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ন্যায়ের পক্ষে কথা বলছি আমাদের বিবেক নাই? ১৭ কোটি মানুষের বিবেক নাই?

“বিবেক সবারই আছে। না হলে আবরার মারা যাবার পরে হাজার হাজার ছাত্র-ছাত্রী পথে নামে কেন? না হলে নুসরাতকে আগুনে জ্বালিয়ে দেবার পরে লাখো কোটি মানুষ পথে নামে কেন? কারণ তাদের বিবেক দংশন করে। বিবেক দংশন করে না ওদের, যারা জনগণের গলায় পাড়া দিয়ে লক্ষ-কোটি টাকা কামাই করছে ওরা হচ্ছে বিবেকহীন।

“ওরা হৃদয়হীন, ওরা বাংলাদেশের শুধু দুর্নাম করেছে তাই নয়, বাংলাদেশকে নিঃস্ব করে ফেলছে। আমি ওই বুদ্ধিজীবীদের বলি ভণ্ডামি বাদ দেন, সত্যকে সত্য বলেন। যারা বলতে চান, শেখ হাসিনা আজকে দুর্নীতির বিরুদ্ধে অভিযান করছেন। তো সবচেয়ে বড় দুর্নীতি ২৯ ডিসেম্বর রাতে করা হয়েছিল, তার ব্যবস্থা কী?”

‘অপরাজেয় বাংলাদেশ’র উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি দাবিতে এই মানববন্ধন হয়।

সংগঠনের সভাপতি ভিপি ইবরাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীর পরিচালনায় মানববন্ধনে বিএনপির শিরিন সুলতানা, অপর্ণা রায়, ফরিদ উদ্দিন, মৎস্যজীবী দলের আব্দুর রহীম, কৃষক দলের জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।