২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেছেন মির্জা ফখরুল

সিঙ্গাপুরে চিকিৎসা এবং অস্ট্রেলিয়ায় এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়নের (এপিডিইউ) সভায় অংশ নিয়ে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2019, 03:42 PM

Updated : 08 Apr 2022, 04:55 PM

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে মির্জা ফখরুল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মহাসচিবের একান্ত সহকারী  মো. ইউনুস আলী।

“সিঙ্গাপুরে চিকিৎসা শেষ করে অস্ট্রেলিয়ায় একটি বৈঠকে অংশ নিয়ে স্যার অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন,” বলেন এই কৃষিবিদ।

বিমানবন্দরে মহাসচিবকে অভ্যর্থনা জানান বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ, এসএম জাহাঙ্গীর, শায়রুল কবির খান, তরুণ দে প্রমুখ।

সিঙ্গাপুর র‌্যাফেলস হসপিটালে বিএনপি মহাসচিব চিকিৎসা নেন। সেখানে তার ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিভ আর্টারিতে যে ব্লক রয়েছে তার পরীক্ষা করতে এনজিওগ্রাম করা হয়।

গত কয়েক বছর ধরে এর চিকিৎসা নিতেই সিঙ্গাপুর যাচ্ছেন ফখরুল। সর্বশেষ গত ফেব্রুয়ারি মাসে সিঙ্গাপুর যান ফখরুল।

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বিএনপি মহাসচিব এপিডিইউর বৈঠকে যোগ দিতে অস্ট্রেলিয়ায় যান। তিনি এই সংস্থার ভাইস চেয়ারম্যান।

এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়ন একটি আন্তর্জাতিক সংস্থা। গণতান্ত্রিক দলগুলোর আন্তর্জাতিক এই সংস্থায় বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলো সদস্য।

চলতি বছরের মার্চে বিএনপিকে এই সংস্থার স্থায়ী সদস্য করা হয় এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।