২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ হাজার টাকা মুচলেকায় ফখরুলদের জামিন

জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকীকে হত্যার হুমকির মামলায় আদালতে আত্মসমর্পণ করে পাঁচ হাজার টাকা করে মুচলেকায় জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ পর্যায়ের তিনজন নেতা।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2019, 09:48 PM

Updated : 18 Aug 2022, 05:51 PM

অপর দুজন হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়।

মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মঙ্গলবার তারা ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

আসামিদের পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদারসহ কয়েকজন শুনানি করেন। বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক প্রত্যেকের জন্য পাঁচ হাজার টাকা করে মুচলেকায় জামিনের আদেশ দেন।

বিএনপি নেতা-কর্মীদের নামে মামলা করার কারণে হুমকি দেওয়ায় গত ৫ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মির্জা ফখরুলসহ নয়জন নেতার বিরুদ্ধে মামলা করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

Image
গয়েশ্বর চন্দ্র রায় (ফাইল ছবি)

গয়েশ্বর চন্দ্র রায় (ফাইল ছবি)

মামলার অপর আসামিরা হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বুয়েটের বহিষ্কৃত শিক্ষক হাফিজুর রহমান রানা ও ছাত্রদল নেতা এমদাদুল হক ভূঁইয়া।

মামলায় বলা হয়, গত ২৩ জুলাই মামলার বাদী এবি সিদ্দিকীর বাসায় একটি রেজিস্ট্রি চিঠি পাঠান বুয়েটের বরখাস্ত শিক্ষক হাফিজুর রহমান রানা। চিঠিতে হুমকি দিয়ে বলা হয়, “এইবার তোকে মৃত্যুর পরোয়ানা পাঠালাম। তোর (এবি সিদ্দিকী) পরিবারসহ সবাইকে খুন করব। তোদের ভোটবিহীন অবৈধ প্রধানমন্ত্রী এবং শেখ মুজিবের পরিবারের সবাইকে আগামী ১৫ আগস্টে আইএস দিয়ে খুন করাব।

“বোমা মেরে শেখ মুজিবের মাজার উড়িয়ে দিয়ে তারেক রহমানের নেতৃত্বে গঠন করা হবে নতুন বাংলাদেশ। যেখানে থাকবে না জয় বাংলা, থাকবে না মুজিব বাহিনীর মুজিবকোট- শুধু থাকবে নতুন বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের নেতা তারেক রহমান আইএসের সঙ্গে চুক্তি করে আইএসসহ আমাকে (হাফিজুর রহমান রানা) তোদের খুন করার জন্য পাঠিয়েছে। অবৈধ সরকারকে ১৫ আগস্ট শেখ মুজিবের মতো খুন করা হবে। আমি (রানা) দেশের নেতাদের সঙ্গে পরিকল্পনা করে তোদের সবার (খুনের) তালিকা করে আইএসের কাছে পাঠিয়েছি। এবার তোরা মৃত্যুর জন্য প্রস্তুত থাক।”