২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের জারিজুরি ফাঁস হয়ে গেছে: ফখরুল

সরকার দুর্নীতির অভিযোগ অস্বীকার করে এলেও এখন ক্যাসিনোকাণ্ডে সব ‘জারিজুরি ফাঁস হয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2019, 11:37 PM

Updated : 18 Aug 2022, 05:51 PM

রোববার রাজশাহী পাঠানপাড়া মোড়ের বড় রাস্তায় বিএনপির বিভাগীয় সমাবেশে তিনি বলেন, “আপনারা যে চুরি করছেন এই ক্যাসিনোর মাধ্যমে তা প্রকাশ হয়ে গেছে। ক্যাসিনো তো ক্যাসিনো, তার চেয়ে বড় কথা এই সরকার গত এক বছরে ২৭ হাজার কোটি পাচার করেছে। তার চেয়ে বড় অপরাধ ভোটের অধিকারকে ডাকাতি করেছে।”

অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আপনাদের (সরকারের) সব জারিজুরি ফাঁস হয়ে গেছে। ক্ষমতা দিয়ে আর টিকে থাকা যাবে না।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার জন্য নেতাকর্মীদের প্রতি ‘দুর্বার আন্দোলন’ গড়ে তোলার আহ্বান জানিয়ে দলের মহাসচিব বলেন, “আসুন দলমত নির্বিশেষে গণতন্ত্র পুনরুদ্ধারে, বাংলাদেশকে রক্ষা করতে, দেশের মানুষকে রক্ষা করতে, মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য এবং বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনের মাধ্যমে এদেরকে (সরকার) পরাজিত করি এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করি।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “বিদেশে গিয়ে পুরস্কার নিয়ে লাভ হবে না, দেশের মানুষের ভালোবাসা নেন। তা কাজ দেবে।”

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে এ সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, আমিনুর রহমান আমিন, আব্দুল লতিফ, কামরুল মনির, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ বক্তব্য রাখেন।

বিভাগীয় এই সমাবেশে অংশ নিতে বিভিন্ন জেলা উপজেলার নেতাকর্মীদের ‘পথে পথে বাধা দেওয়া হয়েছে’ বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।

তারা বলেন, বিএনপিকর্মীরা যাতে সমাবেশে যেতে না পারে, সেজন্য ‘বৃষ্টির কারণ দেখিয়ে’ আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।