২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযান যেন লোক দেখানো না হয়: বাংলাদেশ জাসদ

ক্যাসিনো ও অবৈধ লেনদেনের বিরুদ্ধে চলমান অভিযানকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল- বাংলাদেশ জাসদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2019, 08:50 PM

Updated : 18 Aug 2022, 05:51 PM

তবে এ ধরনের অভিযান যেন লোক দেখানো অভিযানে রূপ না নেয় সে বিষয়ে সরকারকে সতর্ক করেছে দলটি।

রোববার বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এক বিবৃতিতে বলেন, “ক্ষমতাসীন রাজনৈতিক দলের পরিচয়ধারী লুটেরা-দুর্নীতিবাজ কতিপয় ব্যক্তির বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা প্রশাসনের চলমান অভিযানকে আমরা স্বাগত জানাই।”

তবে দেশ ও সমাজবিরোধী এসব অপকর্মের পেছনে সক্রিয় বড় ভাই-গডফাদারদের এখনো আইনের আওতায় আনা হয়েছে বলে জনগণ মনে করে না। আপাত দৃশ্যমান সরকারের দৃঢ় ভূমিকা অব্যাহত থাকবে, জনগণ তা-ই কামনা করে।”

দুর্নীতি-লুটপাট-ক্যাসিনো-মাদকের বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলতে হলে রাজনৈতিক-অর্থনৈতিক ও আইনগত ব্যবস্থা গ্রহন খুবই জরুরি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

দুর্বৃত্তায়ন রোধে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের পরামর্শ দিয়ে বিবৃতিতে বলা হয়, যে রাজনৈতিক ছত্রচ্ছায়া ব্যবহার করে এসব ব্যক্তি দুর্বৃত্তপনায় লিপ্ত হয়েছে সেই রাজনৈতিক প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করতে হবে। যে অর্থনৈতিক ব্যবস্থায় লুটের ও প্রতিপত্তি অর্জনের সুযোগ রয়েছে, তারও সংস্কার করতে হবে।

“কারণ এ দুর্বৃত্তরা হঠাৎ করে একদিনে দৃর্বৃত্তপনা শুরু করেনি। একইভাবে যে অর্থনৈতিক ব্যবস্থায় লুটের ও প্রতিপত্তি অর্জনের সুযোগ রয়েছে, তারও সংস্কার করে দুর্নীতি ও দুর্নীতিলব্ধ বিত্ত-বৈভব ভোগ করার সুযোগ বন্ধ করতে হবে।”

‘সর্বোপরি আইনের শাসনের পূর্ণ প্রয়োগ ও ন্যায়বিচার নিশ্চিত করে অপরাধীদের শাস্তি প্রদান ও ভবিষ্যৎ লুটের পথ বন্ধ করতে হবে’ দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, “আমরা সরকারকে আহ্বান জানাই, চলমান অভিযান যেন লোক দেখানো অভিযানে পর্যবসিত না হয়। এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা প্রশাসনের নিয়মিত কার্যক্রম হিসেবে যেন অব্যাহত থাকে।”