দুর্নীতি-লুটপাট বন্ধ হলে কর্মসংস্থান বাড়বে: ইনু
জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, উন্নয়নের সুফল সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য দুর্নীতি ও লুটপাট বন্ধ করে সব ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করতে হবে।
সোমবার ঢাকায় শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব জোট কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগের জোটসঙ্গী দলের নেতা ইনু বলেন, “সবাই স্বীকার করেছেন যে, শেখ হাসিনার নেতৃত্বে দেশে বিস্ময়কর উন্নতি হয়েছে।…দুর্নীতি ও লুটপাট বন্ধ করা গেলে দেশ যে প্রবৃদ্ধি অর্জন করেছে তা দিয়ে দেশের বেকার যুবদের ভাতাও দেওয়া সম্ভব, বেকার যুবদের জন্য কর্মসংস্থানও বাড়ানো সম্ভব।”
সভায় জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, নৈতিকতা ও মূল্যবোধের ঘাটতি এবং হাতাশা-মাদক-ভোগ-সম্ভোগের সংস্কৃতির করাল গ্রাস থেকে যুব সমাজকে বাঁচাতে পাড়া-মহল্লায় সংস্কৃতি ও ক্রীড়া সংগঠন গড়ে তুলতে হবে।
যুবজোট সভাপতি রোকনুজ্জামান রোকন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
