রংপুর-৩: প্রথম দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন ৩ জন
জাতীয় সংসদের রংপুর-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে তিনজন ফরম সংগ্রহ করেছেন।
তারা হলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য চৌধুরী খালেকুজ্জামান,রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল এবং রংপুর জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য এই আসনে আগামী ৫ অক্টোবর উপনির্বাচনের তফসিল ঘোষণার পর সোমবার থেকে দলের মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, “আজকে তিনজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। মঙ্গলবার ও বুধবার পর্যন্ত ফরম বিতরণের কাজ চলবে। আগামী বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে মনোনয়নের জন্য আবেদনপত্র জমা দিতে হবে।”
আগামী ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় দলের প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।
