গুমও মানবতাবিরোধী অপরাধ: ফখরুল
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে যে আওয়ামী লীগ সরকার আমলে, তাদেরই মানবতাবিরোধী অপরাধের বিচারের মুখোমুখি করার হুমকি দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ‘জোরপূর্বক গুমের’ মধ্য দিয়ে এই সরকার মানবতাবিরোধী অপরাধ করছে, ‘জনগণের সরকার’ এলে অবশ্যই তাদের বিচার হবে।
‘গুম’ হওয়া ব্যক্তিদের স্মরণ দিবসে শুক্রবার সাত বছর আগে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর বাসায় গিয়ে একথা বলেন বিএনপি মহাসচিব।
বিকালে বনানীতে ইলিয়াস আলীর স্বজনদের সঙ্গে সাক্ষাতের পর ফখরুল সাংবাদিকদের বলেন, “এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স- এটা সম্পূর্ণরূপে মানবতাবিরোধী একটা অপরাধ। জাতিসংঘের যে একটা চার্টার্ড আছে সেই চার্টার্ডে পরিষ্কার করা হয়েছে, দিস ইজ অ্যা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। আজকে এই সরকার অভিযুক্ত হবে এই ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির জন্য।”
বিএনপি মহাসচিব বলেন, “আমরা একটা জিনিসে বিশ্বাস করি, একদিন না একদিন এই মানবতাবিরোধী অপরাধের জন্যে বিচার হবেই। আজকে বাংলাদেশে গণতন্ত্রহীনতা আছে, জনগণের প্রতিনিধি নেই। সত্যিকার অর্থে যেদিন জনগণের প্রতিনিধির সরকার গঠিত হবে সেইদিন এর বিচার অবশ্যই হবে।”
নিখোঁজ ব্যক্তিরা তাদের পরিবারের কাছে ফিরে আসবে- এই প্রত্যাশা ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, “আজকে ইলিয়াস আলীর বাসায় এসেছি তার ছোট মেয়ে আমাদের সামনে আসেনি। আসেনি এজন্য যে, সে অত্যন্ত বিব্রতবোধ করে কষ্ট পায়। আমার মনে আছে, ৬ বছর আগে যখন এখানে আসি আপনারা সবাই দেখেছেন ফুঁটফুটে একটা বাচ্চা মেয়ে প্রতিদিন বাবার জন্য অপেক্ষা করত।
“আমরা তাদের পাশে আছি। আমরা আশা করব, ভবিষ্যতে এর একটা সুষ্ঠু বিচার হবে।”
২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে ঢাকা থেকে নিখোঁজ হন সিলেট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
বাসায় এসে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী এবং তার বড় ছেলে আবরার ইলিয়াসের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন মির্জা ফখরুল।
ইলিয়াস আলীর দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে আবরার ইলিয়াস ব্যারিস্টারি পাস করেছেন, ছোট ছেলে মো. লাবিব শারর ব্রিটেনের একটি বিশ্বাবিদ্যালয়ে পড়ছেন। আর সবার ছোট একমাত্র মেয়ে সায়ারা নাওয়াল বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পড়ছেন।
“গুম হওয়া পরিবারের সাথে আমরা সব সময় যোগাযোগ রাখি, চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর। তাদের কষ্ট আমরা ভাগ করে নিতে পারি না, কিন্তু তাদের কষ্টটা আমরা অনুভব করি।”
নিখোঁজদের পরিবারের দুর্দশার চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, “কিছুক্ষণ আগে আমি দক্ষিণখানে গিয়েছিলাম ছাত্রনেতা তারিকুল ইসলাম ঝন্টুর বাসায়। তার মা বলছিলেন, আমার এই ছেলেটা ছিল সবচেয়ে ভালো ছেলে, অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছিল। মা বলছিলেন যে, তাকে সালাম না করে কোনো দিন ঘুমোতে যেত না। সেই ছেলে গুম হয়ে গেছে। কিছুদিন পরে ছেলের বাবা অসুস্থ হয়ে মারা গেছেন। তাদের তৃতীয় সন্তান দুর্ঘটনায় পা ভেঙে গেছে- এই পরিবারটি অত্যন্ত অসহায় অবস্থায় আছে।
“নিজামুদ্দিন মুন্নার বাসায় গিয়েছিলাম। অনেক কষ্ট করে এই ছেলেটি বিএ পাস করেছিল। তার বাবা এমন কোনো জায়গা নাই যাননি, ভারতেও গেছেন, বহু জায়গায় গিয়ে ছেলেকে না পেয়ে শেষ পর্যন্ত অসুখ হয়ে বাবা মারা গেছেন। এমন অনেক পরিবার আছে যারা অবর্ণনীয় কষ্টের মধ্যে আছেন। আমরা যথাসম্ভব চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানোর।”
ইলিয়াস আলী, নিজামুদ্দিন মুন্না ও তারিকুল ইসলাম ঝন্টুর বাসা ছাড়াও নাখালপাড়ায় সাজেদুল ইসলাম সুমনের বাসায় যান বিএনপি মহাসচিব। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান, শহিদুল ইসলাম বাবুল, ব্যারিস্টার ফারজানা শারমিন প্রমুখ তার সঙ্গে ছিলেন।
বিকালে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বংশালে মো. সোহেল, জহিরুল ইসলাম জহির, পারভেজ হোসেন, মো. চঞ্চল; গয়েশ্বর চন্দ্র রায় সূত্রাপুরের খালিদ হোসেন সোহেল, সেলিম রেজা পিন্টু, সম্রাট মোল্লা এবং সেলিমা রহমান সবুজবাগে মাহবুব হাসান সুজন ও কাজী ফরহাদ হোসেনের বাসায় গিয়ে তাদের পরিবারের খোঁজ-খবর নেন।
এসব পরিবারের সদস্যদের জন্য তারেক রহমানের পক্ষ থেকে ঝুড়ি ভর্তি ফল নিয়ে যান বিএনপি নেতারা।
