২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এত দিয়ে পেলেন কী: সরকারকে রিজভী

রোহিঙ্গা সঙ্কট সামাল দিতে সরকার ‘পুরোপুরি ব্যর্থ’ হয়েছে বলে মনে করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2019, 08:55 PM

Updated : 08 Apr 2022, 04:37 PM

সোমবার ঢাকায় দলের এক অনুষ্ঠানে তিনি বলেছেন, “আজকে রোহিঙ্গারা প্রায় দুই বছরের উপরে বাংলাদেশে এসেছে। শেখ হাসিনার সরকার পারেনি, আজকে দুই বছর হল ১০টা লোককে (রোহিঙ্গা) তারা ফেরত পাঠাতে পারেনি। এই সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানে কিচ্ছু করতে পারল না।”

সরকার কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে ‘পুরোপুরি ব্যর্থ’ হয়েছে মন্তব্য করে রিজভী বলেন, “আমি শুনি প্রধানমন্ত্রী বলেন, আমরা অনেক দিয়েছি অন্য দেশকে। দিয়েছেনটা কী? আপনারা পেলেন কী? নিলেন কী আপনারা?

“আপনি তো শুধু দিয়েই গেছেন। তাহলে পাওনা তো কিছু নাই। পাওনা শুধু ব্যর্থতা।”

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত এই অনুষ্ঠানে মিরপুরের চলন্তিকা-আরামবাগ-ঝিলপাড় বস্তির ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক অনুদান দেওয়া হয়।

ওই বস্তিতে ‘পরিকল্পনা করে’ আগুন লাগানো হয়েছে অভিযোগ তুলে রিজভী বলেন, “অত্যন্ত পরিকল্পিতভাবে বস্তি তিনটি পুড়িয়ে দেওয়া হয়েছে। যখনই ঘটনাটি ঘটেছে সামগ্রিকভাবে বিএনপির নেতাকর্মীরা অসহায়দের পাশে দাঁড়িয়েছে, মহানগর উত্তর বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে।”

গত সপ্তাহে ওই বস্তিতে অগ্নিকাণ্ডের জন্যও সরকারকে দায়ী করে বিএনপি নেতা রিজভী বলেন, “এই মিড নাইট সরকার খালি করার নীতিতে দেশ চালাচ্ছে।… পরিবার থেকে শুরু করে বস্তিতে বস্তিতে শুরু করে জনপদ থেকে শুরু করে দেশের বিরোধী দলের অস্তিত্বকে খালি করে দেওয়ার মধ্য দিয়ে তারা এই নীতির প্রয়োগ করছে।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান রিজভী।

ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসানের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এবিএম রাজ্জাকের পরিচালনায় এ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াসীন আলী, মহানগর উত্তরের মোয়াজ্জেম হোসেন মতি, পল্লবী থানার  সাজ্জাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।

এছাড়া পল্লবী, রূপনগর, বাড্ডা, মিরপুর, মোহাম্মদপুর বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।