অলির নেতৃত্বে নতুন মঞ্চকে স্বাগত জানাল বিএনপি
২০ দলীয় জোটের অন্যতম শরিক দল লিবারেল ডেমোক্রেটিক লীগ (এলডিপি) সভাপতি অলি আহমেদের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক মঞ্চকে স্বাগত জানিয়েছে বিএনপি।
শুক্রবার বিকালে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, “একটা রাজনৈতিক দলের সম্পূর্ণ স্বাধীনতা আছে, যে কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবার জন্যে এবং সেই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করবার জন্যে।
“আমরা মনে করি যে, গণতন্ত্রের জন্য ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যে যে কোনো উদ্যোগকে আমরা স্বাগত জানাই।”
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের এক সংবাদ সম্মেলনে গণতন্ত্র ফিরিয়ে আনতে জাতীয় সংসদের পুনঃনির্বাচন ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘জাতীয় মুক্তি মঞ্চ’ গঠনের ঘোষণা দেন। এতে ২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ খেলাফত মজলিয়ের একটি অংশ ও ইসলামী মুভমেন্ট যুক্ত হয়েছে।
এর আগে বিকাল সাড়ে ৩টায় বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত দলীয় সদস্য জিএম সিরাজকে নিয়ে বিএনপি মহাসচিব শেরে বাংলানগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যান। তারা জিয়ার কবরে ফুল দিয়ে তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করেন।
দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, মাহবুবুর রহমান, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ওবায়দুর রহমান চন্দন, শায়রুল কবির খান ও বগুড়া-৪ আসনের সাংসদ মোশাররফ হোসেনসহ বগুড়া জেলার নেতারা সেখানে ছিলেন।
