২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত বদলেছে কিনা বুঝতে অপেক্ষা করতে হবে: কাদের

বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীতে আদর্শিক পরিবর্তন এসেছে কি না তা বুঝতে আরও অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2019, 07:08 PM

Updated : 18 Aug 2022, 05:27 PM

আগের দিন এক সংবাদ সম্মেলনে বর্তমানের জামায়াত নিয়ে এলডিপি সভাপতি অলি আহমদের মূল্যায়নের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে শুক্রবার ধানমণ্ডিতে সাংবাদিকদের একথা বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আসলে বাস্তবতা কি সেটা দেখতে হবে সরেজমিনে। তারা পরিবর্তিত কোন রূপ নিয়ে এসেছে কি না। এটা তাদের কার্যক্রমের মধ্য দিয়ে প্রমাণিত হবে।

“তারা কি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে? করলে কতোটা করে, সেটা তাদের কার্যক্রমের উপর নির্ভর করবে। এর জন্য অপেক্ষা করতে হবে।”

বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে ‘জাতীয় মুক্তি মঞ্চ’ নামে নতুন একটি রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দেন অলি, যাতে ২০ দলের শরিক কল্যাণ পার্টি, জাগপা, খেলাফত মজলিস ও ন্যাশনাল মুভমেন্ট।

নতুন জোটে জামায়াতকে রাখার বিষয়ে এক প্রশ্নে খেতাবধারী এই মুক্তিযোদ্ধা বলেন, “১৯৭১ সালের জামায়াত আর ২০১৯ সালের জামায়াত এক না। এরা বাংলাদেশকে ভালোবাসে।”

একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতায় নামা জামায়াত পাকিস্তানি বাহিনীর সহায়তাকারী হিসেবে বাঙালি হত্যায়ও নেমেছিল। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে দলটির শীর্ষনেতাদের সবারই শাস্তি হয়েছে।

সম্প্রতি জামায়াতের একটি অংশ একাত্তরের ভুমিকার জন্য ক্ষমা চাওয়ার কথা জানায়।

সেদিকে ইঙ্গিত করে অলি বলেন, “এরা হল বাংলাদেশের জামায়াত, এই দেশকে তারা ভালোবাসে। তাদের মধ্যে অনেক সংশোধনী আসছে এবং তারা নিজেদের মধ্যেও বসে সিদ্ধান্ত নিচ্ছে, তারা দেশপ্রেমিক শক্তি।”

অলী আহমদের নতুন জোটের বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, “আসুক, গণতান্ত্রিক রাজনীতিতে আসুক। নতুন প্লাটফর্মকে আমরা অবশ্যই স্বাগত জানাবো, আমরা এর বিরুদ্ধ নয়।”

বরগুনায় রিফাত হত্যারর ঘটনা বিচারহীনতার প্রমাণ- বিএনপির এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, “এই দেশে বিচারহীনতার দৃষ্টান্ত স্থাপন করেছে বিএনপি, তাদের মুখে এই কথা শোভা পায় না।”

সদস্য সংগ্রহ অভিযান

আওয়ামী লীগের সদস্য সংগ্রহের জন্য জেলা-উপজেলায় নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান দলের সাধারণ সম্পাদক কাদের।

তিনি বলেন, “আমরা সদস্য সংগ্রহ শুরু করে দিয়েছি। নতুন সদস্য সংগ্রহ করা হবে, আর যারা আগে আছেন তাদের নবায়ন করতে হবে। আমাদের পার্টির সভাপতির নির্দেশক্রমে আমি সকল জেলা উপজেলার নেতাদের সদস্য সংগ্রহ ও নবায়ন বই সংগ্রহ কারার জন্য নির্দেশনা দিচ্ছি।”

আওয়ামী লীগের এবারের সদস্য সংগ্রহের ক্ষেত্রে যুদ্ধাপরাধীদের পরিবারেরসংশ্লিষ্ট কেউ থাকলে নেওয়া হবে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “গত বছর আমরা সদস্য সংগ্রহ অভিযান চালিয়েছি এবং ভালোভাবে সম্পন্ন হয়েছে। শেষ হওয়া পর্যন্ত আমাদের কাছে এধরণের কোন অভিযোগ পরেনি।

“এবারকার নির্বাচনে অনেক নীবনরা কাজ করেছে। আমরা এবার আওয়ামী লীগের নির্বাচনে যারা অংশ নিয়েছে তাদের সদস্য করবো। অন্যান্য দলের কাউকে সদস্য করার ব্যপারে আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। তবে যুদ্ধাপরাধীদের ছেলে, এসব বিষয়গুলো স্ট্রিকলি দেখা হবে।”

তবে সদস্য করার ক্ষেত্রে মূলত অপরাধমূল কর্মকাণ্ড ও সাম্প্রদায়িক শক্তির সঙ্গে সম্পর্ক বিবেচনায় নেওয়া হবে বলে জানান তিনি।

কাদের বলেন, “স্বাধীনতার ৪৭ বছর পর তার বাবা বা পরিবার কি ছিল সেটা নয়। তার বাবা মা একদম নিকটাত্মীয়ের বিষয়টা আলাদা। এই বিষয়টা আমরা স্ট্রিকলি দেখব।”

ধানমণ্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, তথ্যপ্রযুক্তি সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি ও আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

এই জামায়াত আর ওই জামায়াত এক নয়: অলি
অলির নেতৃত্বে নতুন রাজনৈতিক মঞ্চ