রবের বাড়িতে ঐক্যফ্রন্টের বৈঠকে ফখরুল
সংসদে যোগদান নিয়ে জোটের দলগুলোর টানাপড়েনের মধ্যে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
সোমবার বিকাল সাড়ে ৪টায় ঢাকার উত্তরায় জাসদ-জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাড়িতে জোটের স্টিয়ারিং কমিটির এই বৈঠক শুরু হয়।
বৈঠকে জোটের বড় দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান রয়েছেন।
ঐক্যফ্রন্ট ছাড়ার হুমকি দেওয়া কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী তার দলের নেতা হাবিবুর রহমান তালুকদার, ইকবাল সিদ্দিকীকে নিয়ে বৈঠকে যোগ দিয়েছেন।
জেএসডির আবদুল মালেক রতন, শহিদউদ্দিন মাহমুদ স্বপন, গণফোরামের আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী, রেজা কিবরিয়া, বিকল্পধারা‘র নুরুল আমিন ব্যাপারী, শাহ আহমেদ বাদল, নাগরিক ঐক্যের জাহিদ উর রহমান, মোমিনুল ইসলাম রয়েছেন রুদ্ধদ্বার এই বৈঠকে।
স্টিয়ারিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন না জোটের শীর্ষনেতা কামাল হোসেন। তবে গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরী রয়েছেন বৈঠকে।
জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সর্বশেষ বৈঠক হয়েছিল গত ২৪ এপ্রিল।
তারপর সংসদে যোগ দেওয়া নিয়ে কাদের সিদ্দিকীর জোট ছাড়ার হুমকি আসে। অসন্তোষ প্রকাশ করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাও।
বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা জানান, শরিকদের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা দূর করে পরবর্তী কর্মকৌশল ঠিক করতেই এই বৈঠকে ডাকা হয়েছে।
একাদশ সংসদ নির্বাচনের আগে কামালের উদ্যোগে বিএনপিকে নিয়ে গঠিত এই জোট একই প্রতীকে ভোটে অংশ নিয়েছিল।
ভোট ডাকাতির অভিযোগ তুলে ওই নির্বাচনের ফল প্রত্যাখ্যান করলেও নানা নাটকীয়তার পর বিএনপি ও গণফোরাম থেকে নির্বাচিত সাতজন সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে অধিবেশনে যোগ দেন।
তা নিয়ে ঐক্যফ্রন্টে টানাপড়েনের পাশাপাশি বিএনপির আগের জোট ২০ দলেও ভাঙন দেখা দিয়েছে।
তবে কামাল হোসেন সম্প্রতি ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বলেন, তাদের জোটে ঐক্য অটুট রয়েছে এবং জোটের পরিসর বাড়িয়ে আন্দোলনের পরিকল্পনাও তাদের রয়েছে।
