২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভুল’ সিদ্ধান্তে বিএনপি জনগণ থেকে যোজন দূরে: হাছান

বিএনপিকে  ‘অপরাজনীতি’ পরিহার করে দল গোছানোর পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2019, 09:37 PM

Updated : 18 Aug 2022, 05:20 PM

মঙ্গলবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে হাসুমণির পাঠশালা আয়োজিত 'ঐতিহাসিক ১৭ মে দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস' শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।  

বিএনপির উদ্দেশ্য হাছান মাহমুদ বলেন, “গত দুটি নির্বাচনে বিএনপি ভুল সিদ্ধান্তের কারণে জনগণ থেকে যোজন যোজন দূরে সরে গেছে।  আপনাদেরকে অনুরোধ জানাব, সাড়ে ৪ বছর ধরে আপনাদের দলকে সংগঠিত করুন।

“বিএনপিতে যারা দুর্নীতির দায়ে, সন্ত্রাসের দায়ে শাস্তিপ্রাপ্ত, এদের আপনাদের নেতৃত্ব থেকে অপসারণ করুন। দলে নতুন নেতৃত্ব তৈরি করুন,  তাহলে দল ঘুরে দাঁড়াবে। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, আজ থেকে সাড়ে ৪ বছর পর যথা সময়ে নির্বাচন হবে।"    

আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, সরকারের সমালোচনা তারা অবশ্যই চান, তবে তা হওয়া উচিৎ দেশের স্বার্থে, উন্নয়ন-অগ্রগতির স্বার্থে।

“অবশ্যই আপনারা সমালোচনা করবেন সংসদে ও রাজপথে। আমার চাই আপনারা সমালোচনা করুন। সমালোচনা আমাদের পথচলাকে মসৃণ করবে। সমালোচনা কাজকে পরিশুদ্ধ করে। দয়া করে সমালোচনার নামে রাজনীতি করবেন না।"

তথ্যমন্ত্রী বলেন,  “খালেদা জিয়ার ন্যায়-নিষ্ঠা থাকলে কারাগারে যেতে হত না৷ এতিমের টাকা আত্মসাৎ না করলে তার বিরুদ্ধে মামলাই হত না।"

আওয়ামী লীগ উন্নত জাতি গঠন করতে চায় মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, "আমরা শুধু বস্তুগত উন্নয়ন চাই না। উন্নয়নের পাশাপাশি আমরা চাই একটা উন্নত জাতি গঠন করতে। উন্নত জাতি গঠন করতে হলে মেধার সাথে মূল্যবোধ ও দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে।"   

সংগঠনের সভাপতি মারুফা আক্তার পপির সভাপতিত্বে এ গোলটেবিল আলোচনায় অন্যদের মধ্যে তথ্য প্রতিমন্ত্রী ডা.  মুরাদ হাসান,  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান, দৈনিক সমকালের সহযোগী সম্পাদক অজয় দাশগুপ্ত বক্তব্য দেন।