রাজনীতিকদের ‘৩০ টাকার’ ইফতার খাওয়াল বিএনপি
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি সম্মান জানাতে কয়েদি হিসেবে তার ইফতারের জন্য সরকারি বরাদ্দ ‘৩০ টাকার’ খাদ্যদ্রব্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ইফতার করিয়েছে বিএনপি।
মঙ্গলবার রাজধানীর ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে এই ইফতার পার্টি হয়। এতে জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দলীয় ঐক্যজোটে, পেশাজীবী নেতৃবৃন্দসহ দুই সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন।
৩০ টাকার এই ইফতারে ছিল- দুটি খেজুর, একটি জিলাপি, একটি বেগুনি, একটা পেঁয়াজু, ছোলা ভাজি, মুড়ি এবং ছোট এক বোতল পানি।
এ বছর এর আগে দুটি ইফতার পার্টির আয়োজন করে বিএনপি। এই লেডিস ক্লাবেই এতিমদের জন্য আয়োজিত ইফতারে নানা ধরনের আকর্ষণীয় ইফতার সামগ্রী এবং তারপরে বিরানী সরবরাহ করা হয়। আর অন্যটি ছিল কূটনীতিক ও সম্পাদকদের জন্যে গুলশানের ওয়েস্টিন হোটেলে, যেখানে প্রতি ব্যক্তির ইফতারের জন্য কয়েক হাজার টাকা লাগে।
দুর্নীতির দুই মামলায় সাজা নিয়ে এক বছরের বেশি কারাবন্দি আছেন খালেদা জিয়া। শারীরিক অসুস্থতার জন্য বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন তিনি।
ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব ফখরুল বলেন, “আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমাদের এই আয়োজনে অংশ নিতে হচ্ছে। আপনারা সবাই জানেন যে, গণতন্ত্রের মাতা দীর্ঘদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন তাকে সম্পূর্ণ একটি মিথ্যা মামলায় কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে। এই রমজান মাসে যখন আমরা এখানে সমবেত হয়েছি, তখন তিনিও কারাগারে থেকে বন্দি অবস্থায় হাসপাতালের ছোট্ট একটি কক্ষে ইফতারের জন্য অপেক্ষা করছেন। তার ইফতারের জন্য সরকারের বরাদ্দ মাত্র ৩০ টাকা।
“সেজন্যই আজকে আমরা যে আয়োজন করেছি, সেই আয়োজন আমাদের সকল নেতা-কর্মী যে অনুভুতি, যে বেদনাবোধ, সে কারণে আজকে আমাদের ইফতারের আয়োজনও ৩০ টাকার মধ্যেই সীমাবদ্ধ রেখেছি।”
আমন্ত্রিত ফখরুল অনুরোধ করেন, “আপনাদের কষ্ট হলেও আপনারা দয়া করে এটাকে স্বীকার করে নেবেন। শুধুমাত্র সেই নেত্রীর প্রতি সম্মান দেখানোর জন্য।”
খালেদা জিয়াসহ আটক নেতা-কর্মী এবং তাদের পরিবারের জন্য দোয়া চান বিএনপি মহাসচিব।
ফখরুল বলেন, “আজকে জগদ্দল পাথরের মতো একটা জগদ্দল সরকার চেপে বসে আছে। সম্পূর্ণভাবে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে, গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা আমাদের ওপর চাপিয়ে দিয়েছে। একটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ভেঙে দিয়েছে, রাষ্ট্রের স্তম্ভ ভেঙে দিয়েছে।
“আমরা একটা ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি। আসুন আমরা সবাই আল্লাহর কাছে এ থেকে মুক্তির জন্য প্রার্থনা করি।”
২০ দলীয় জোটের শরিকদের মধ্যে জামায়াতে ইসলামীর ডা. শফিকুর রহমান, হামিদুর রহমান আজাদ, আবদুল হালিম, তাসনীম আহমেদ, সেলিমুদ্দিন, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, আহসান হাবিব লিংকন, খেলাফত মজলিশের অধ্যক্ষ মুহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির শাহাদৎ হোসেন সেলিম, এমএম আমিনুর রহমান, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, মোস্তাফিজুর রহমান মোস্তফা, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, জাগপার খন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান, মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান খান, জুলফিকার বুলবুল চৌধুরী, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, ন্যাপের এমএন সাওন সাদেকীন প্রমুখ ইফতারে ছিলেন।
পেশাজীবী নেতাদের মধ্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক শরীফউদ্দিন ছিলেন।
বিএনপির খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, বরকতউল্লাহ বুলু, খন্দকার মাহবুব হোসেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল মান্নান, আবদুল আউয়াল মিন্টু, আহমেদ আজম খান, এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, শওকত মাহমুদ, নিতাই রায় চৌধুরী, আমনউল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, হাবিবুর রহমান হাবিব, ফরহাদ হালিম ডোনার, ফজলুর রহমান, নাজমুল হক নান্নু, আবদুর রেজ্জাক খান, জিয়াউর রহমান খান, শাহিদা রফিক, বিজন কান্তি সরকার, আবদুল হাই শিকদার, খায়রুল কবির খোকন, এসএম ফজলুল হক, শামসুর রহমান শিমুল বিশ্বাস, মফিকুল হাসান তৃপ্তিসহ কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতারা ছিলেন।
সদ্য সংসদে যোগ দেওয়া উকিল আবদুস সাত্তারও ইফতারে অংশ নেন।
খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের আশু আরোগ্য কামনাসহ আটক নেতা-কর্মীদের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উলামা দলের আহ্বায়ক শাহ নেছারুল হক।
ইফতারের আগে উলামা দলের সদস্য সচিব নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে কোরআন তেলাওয়াত করা হয়।
