ডিজিটাল আইনে হরণ সাংবাদিকদের স্বাধীনতা: ফখরুল
ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করে সরকার সাংবাদিকদের স্বাধীনতা হরণ করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠানে বক্তব্যে এই দাবি করেন তিনি।
বিএনপি মহাসচিব ফখরুল বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে একটার পর একটা পত্রিকা বন্ধ করে দিয়েছে, টিভি চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে, অসংখ্য সাংবাদিকরা চাকরিচ্যুত হয়েছে।
“আজকে আমরা দেখছি যে, অনলাইনগুলোও বন্ধ করে দেওয়া হচ্ছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্য দিয়ে সাংবাদিকদের সমস্ত স্বাধীনতা হরণ করা হয়েছে।”
ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু অংশ গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করেছে বলে সাংবাদিকদের পক্ষ থেকেও উদ্বেগ জানানো হচ্ছে। সরকারের পক্ষ থেকে এই উদ্বেগ প্রশমনের আশ্বাস দেওয়া হলেও এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, “বাংলাদেশ এখন আর কোনো স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র নয়। এটি এখন সম্পূর্ণভাবে পরনির্ভরশীল স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের কবলে পড়ে একটি একনায়কতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে।”
দেশে এখন আইনের শাসনও নেই বলে দাবি করে তিনি বলেন, “আমাদের সন্দেহ হয়, আসলে সরকার বলতেও কিছু আছে কি না। জবাবদিহিতা তো কারও নেই এখন। জবাবদিহি করতে হয় না বলে যে যার মতো ইচ্ছা লুট করছে।”
এই অবস্থা থেকে উত্তরণে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
তিনি বলেন, “জনগণ যেন তাদের পছন্দমতো প্রতিনিধি নির্বাচন করে একটা সংসদ ও সরকার তৈরি করতে পারে, সেজন্য দেশে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটি নতুন নির্বাচন দিতে হবে।”
এই ইফতার অনুষ্ঠানে অংশ নেন সহস্রাধিক সাংবাদিক।
বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে ছিলেন সাবেক সভাপতি শওকত মাহমুদ, বর্তমান মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন, জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, প্রচার সম্পাদক তাসনীম আলমও ইফতারে ছিলেন।
উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক আলমগীর মহিউদ্দিন, নুরুল হুদা, এম এ আজিজ, মোস্তফা কামাল মজুমদার, আব্দুস শহিদ, আবদুল হাই শিকদার, আবু সালেহ, হাসান হাফিজ, বাকের হোসাইন, সৈয়দ আবদাল আহমেদ, জাহাঙ্গীর আলম প্রধান, মোদাব্বের হোসেন, বাছির জামাল, শাহিন হাসনাত, আনোয়ারুল কবির বুলু, শফিউল আলম দোলন, মোরসালিন নোমানী, মো. দিদারুল আলম, দেওয়ান মাসুদসহ সাংবাদিক ইউনিয়নের নেতারা।
