২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সকালে রিজভীর বক্তব্য আর রাতে ফখরুলের কথাই ‘মিথ্যাচারের প্রমাণ’

বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করে তার পক্ষে যুক্তি হিসেবে শপথ গ্রহণ নিয়ে দলটির দুই নেতা রুহুল কবির রিজভী ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতমুখী বক্তব্যের কথা বলেছেন হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2019, 08:27 PM

Updated : 10 Oct 2022, 09:06 PM

আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ মঙ্গলবার এক অনুষ্ঠানে বলেন, “গতকাল সকাল বেলা রুহুল কবির রিজভী আহমেদ সংবাদ সম্মেলন করে বলেছিলেন, সরকারের পক্ষ থেকে শপথের জন্য চাপ প্রয়োগ করা হয়েছে। আর কালকে শপথ নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সংবাদ সম্মেলন করে বললেন, তাদের উপরে কোনো চাপ নেই, তারেক রহমানের নির্দেশে তারা শপথ নিয়েছেন।

“মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন সেটাই সত্যি, তারা যে সময়ে সময়ে মিথ্যা কথা বলেন এরই প্রমাণ হল- সকালে রিজভী আহমেদের বক্তব্য এবং রাতে মির্জা ফখরুল ইসলাম সাহেবের বক্তব্য।”

একাদশ সংসদ নির্বাচনে ‘ভোট ডাকাতির’ অভিযোগ তোলা বিএনপির নির্বাচিত চারজন সোমবার শপথ নেওয়ার পর মির্জা ফখরুল বলেন, দলের সিদ্ধান্তেই তারা শপথ নিয়েছেন। যদিও এতদিন তারা বলছিলেন, এই সরকার ও সংসদকে বৈধতা দিতে তাদের কেউ শপথ নেবেন না।

বিএনপির সাংসদদের শপথ গ্রহণকে ‘গাধার মতো জল ঘোলা করে’ পানি খাওয়ার সঙ্গে তুলনা করেছেন হাছান মাহমুদ।

সন্ধ্যায় জাতীয় জাদুঘরে ‘তারুণ্য কথা’ নামের একটি সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধুর ‘একশ দুর্লভ’ ছবির প্রদর্শনীতে একথা বলেন তিনি। 

হাছান মাহমুদ বলেন, “দুঃখজনক হলেও সত্য যে গাধা জল ঘোলা করে খায়, বিএনপি এমপিদের সে রকমের অবস্থা হয়েছে। তারা যে শপথ নিলেন তারা কিন্তু গাধা যেমন জল ঘোলা করে খায় সে রকম। তবে তারা শপথ নিয়েছে এর জন্য অভিনন্দন জানাই।

“আমি আশা করব, মির্জা ফখরুল ইসলাম সাহেবও শপথ গ্রহণ করবেন। তারা যেমন সকাল বিকাল আমাদের বিরুদ্ধে কথা বলেন, তারা সংসদে গিয়ে আমাদের বিরুদ্ধে কথা বলবেন।”

বঙ্গবন্ধুর জীবনের নানা সময়কে উপজীব্য করে আঁকা হয়েছে এই একশ চিত্রকর্ম। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী চিত্রালয়ে ‘আছো সত্তায় আছো চেতনায়’ শিরোনামের এই প্রদর্শনী ৫ মে পর্যন্ত চলবে।

যৌথভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী ও অধ্যাপক জামাল আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রদর্শনীতে ৮১ জন শিল্পীর একশ চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রথিতযশা শিল্পীদের মধ্যে রয়েছেন সমরজিৎ রায় চৌধুরী, শেখ আফজাল, শহীদ কাজী, কিরীটি রঞ্জন বিশ্বাস, গুপু ত্রিবেদী, অমিত নন্দী প্রমুখ। এর পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীদের ছবি এখানে রয়েছে।

এসব ছবির অনেকগুলোতেই শিল্পীরা বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে তুলে ধরেছেন। এর পাশাপাশি মা সায়েরা খাতুন, মেয়ে শেখ হাসিনার সঙ্গে তার ঘনিষ্ট জীবনও তুলে এনেছেন শিল্পীরা। রয়েছে পাইপ টানা অবস্থায় বঙ্গবন্ধুর চিরায়িত দৃশ্যপটও।

প্রদর্শনীতে স্থান পাওয়া একটি ছবিতে দেখা যায়, কোলের মধ্যে নাতি সজীব ওয়াজেদ জয়কে নিয়ে হাস্যোজ্জ্বল বঙ্গবন্ধু। তার পেছনে দাঁড়িয়ে গভীর মমতায় চেয়ে আছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ছবিটি এঁকেছেন শিল্পী রাজীব শীল।

আরেকটি ছবিতে দেখা যায়, মানচিত্রের মাঝে বঙ্গবন্ধুর অবয়ব, যার চারপাশ জুড়ে লেখা- ‘ঘরে ঘরে দূর্গ গড়ে তোলো/ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’। এ ছবিটি এঁকেছেন শিল্পী শাহানা মোস্তফা।

হাছান মাহমুদ বলেন, “ছবি আঁকতে গেলে হৃদয়ের গভীরতা লাগে। এটা কোনো সহজ কাজ না। লেখনীর চেয়ে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলে ধরা কঠিন। প্রতিটি চিত্রকর্মই অসাধারণ।”

ঢাকার বাইরেও এ প্রদর্শনী করার পক্ষে অভিমত জানিয়ে তিনি বলেন, “তাহলে ঢাকার বাইরের তরুণরাও বঙ্গবন্ধুকে নিয়ে চমৎকার এ আয়োজনটি দেখতে পারবেন। এর পাশাপাশি মুক্তিযুদ্ধের গল্প বলার আয়োজন করা গেলে, পুরো আয়োজনটিই হবে অসাধারণ।”

হাছান মাহমুদ বলেন, “বস্তুগত উন্নয়ন দিয়ে জাতি উন্নত হয় না। এতে উন্নত দেশ গঠন করা যায়, উন্নত জাতি গঠন করা যায় না। এর পাশাপাশি উন্নত জাতি গঠন করাটা এখন জরুরি। মানুষের মানবিকতার উন্মেষ ঘটাতে চিত্রশিল্পীদের কাজ করতে হবে।”

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী।