শেষ সময়ে ‘দলের সিদ্ধান্তের অপেক্ষায়’ বিএনপির হারুন
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হারুনুর রশীদ একাদশ জাতীয় সংসদের আইনপ্রণেতা হিসেবে শপথ চান, তবে সেজন্য ‘দলের সিদ্ধান্তের অপেক্ষায়’ থাকার কথা বলেছেন তিনি।
শপথের সুযোগের শেষ দিন সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আমরা অভিমত জানিয়েছি দলকে। দলের সিদ্ধান্ত দুপুরের পর জানাবে।
“আশা করছি দুপুরের মধ্যে একটা খবর পাব। তার আগে অন্য কোনো মন্তব্য করতে পারছি না। আজই শেষ দিন। ইয়েস অর নো একটা সিদ্ধান্ত আসবেই।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আজ শপথ নেওয়ার শেষ দিন। সংসদ অধিবেশন চলছে। সুতরাং যে কোন সময় আমরা শপথ নিতে পারব। আমরাও খুব চাপের মধ্যে আছি। দলও খুব চাপের মধ্যে আছে। সবাই চাপের মধ্যে।”
গত ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে মাত্র ছয়টি আসন পায় বিএনপি। গণফোরামের দুটি মিলিয়ে জোট হিসেবে ঐক্যফ্রন্ট পায় মোট আটটি আসন।
নির্বাচনে ‘ভোট ডাকাতির’ অভিযোগ তুলে বিএনপি ও ঐক্যফ্রন্ট সংসদে না যাওয়ার ঘোষণা দিলেও গণফোরামের সুলতান মনসুর ও মোকাব্বির খান দলের সিদ্ধান্ত উপেক্ষা করে এমপি হিসেবে শপথ নেন।
সেই পথ অনুসরণ করে বিএনপির প্রথম এমপি হিসেবে বৃহস্পতিবার শপথ নেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান। সেজন্য শনিবার তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
একাদশ সংসদ নির্বাচনে জাহিদ ছাড়াও বিএনপির আরও পাঁচজন নির্বাচিত হন। তারা হলেন বগুড়া-৬ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে হারুনুর রশীদ, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন ও ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে উকিল আবদুস সাত্তার।
তাদের মধ্যে মির্জা ফখরুল ছাড়া বাকিরা শপথ নিতে পারেন বলে ইতোমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সংসদ সচিবালয়ের আইন শাখার উপ সচিব নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আনুষ্ঠানিকভাবে আমরা এখনও কিছু জানি না। শপথ অনুষ্ঠানের বিষয়ে আমরা কোনো নির্দেশনা পাইনি।”
একাদশ জাতীয় সংসদের সদস্যরা শপথ নেওয়ার পর সংসদের প্রথম অধিবেশন বসে ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী সংসদ বসার পর ৯০ দিন পর্যন্ত শপথ নেওয়ার সুযোগ থাকে।
সে অনুযায়ী সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ সোমবারই শেষ হচ্ছে। তবে স্পিকার চাইলে ওই সময় বাড়াতে পারেন। আর তা না হলে সেসব আসনে নতুন করে নির্বাচন হবে।
