এরকম ভবন কীভাবে অনুমতি পায়, প্রশ্ন ফখরুলের
বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে হতাহতের জন্য সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর ‘অবহেলাকে’ দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার কামাল আতাতুর্ক এভিনিউয়ের ২৩ তলা ওই ভবন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তিনি।
ফখরুল বলেন, “বিল্ডিং কোড কোনোভাবে মানা হয়নি,… অগ্নিনির্বাপণের জন্য কোনো রকম ব্যবস্থা নেই। সবচেয়ে দুঃখজনক হচ্ছে, ভবনের ভেতরে দিয়ে যে সিঁড়ি থাকার কথা…। এরকম বিল্ডিং কীভাবে অনুমতি পায় আমরা সেটাই বুঝতে পারি না।”
এ জন্য সরকারের সংশ্লিষ্টদের দিকে অভিযোগের আঙুল তুলে বিএনপি মহাসচিব বলেন, “আমরা তো দেখছি যে, পরপর কয়েকটি এই ধরনের অগ্নিকাণ্ড ঘটল। যেটা এক কথায় বলা যেতে পারে যে, সরকারের অবহেলা, কর্তৃপক্ষের অবহেলা, যারা দায়িত্বে থাকেন তাদের অবহেলার কারণেই এ সমস্ত ঘটেছে।”
বৃহস্পতিবার দুপুরে এফআর টাওয়ারে আগুন লাগার পর প্রায় সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় তা পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এ ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়, আহত হন ৭০ জনের বেশি।
ভবনটি নির্মাণে ইমারত বিধি মানা হয়নি এবং সেখানে অগ্নি নির্বাপণের যথেষ্ট ব্যবস্থা ছিল না বলে সরকারের মন্ত্রিসভার সদস্যদের কথাতেই উঠে আসে।
শুক্রবার সকালে ভবনটি পরিদর্শন করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমও বলেন, “আমার কাছে মনে হয়েছে এটা তাদের গাফিলতির কারণে… দুর্ঘটনা নয়, এটা হত্যাকাণ্ড।”
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিএনপি মহাসচিব বলেন, “এটাকে অবশ্যই হত্যাকাণ্ড বলতে হবে, তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। যেখানে মানুষের জীবনের প্রশ্ন, সেখানে প্রত্যেকের আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত।”
আগুন থেকে বাঁচার চেষ্টায় অনেকের লাফিয়ে পড়ে মারা যাওয়ার প্রসঙ্গে টেনে ফখরুল বলেন, “ সবচেয়ে দুঃখজনক হচ্ছে, ফায়ার বিগ্রেডের যে সরঞ্জামাদি থাকা প্রয়োজন… একজন লোক লাফ দিয়ে পড়ল, আমরা দেখেছি যে উদ্ধারে যে নেট থাকে সে নেট এখানে দেখিনি।
“পানি বিভিন্ন জায়গা থেকে যোগাড় করে আনতে হয়েছে। দেখুন বিল্ডিংগুলো ঘন ঘন। এসবের মাঝে গ্যাপ থাকার কথা, সেটাও নেই। এসব বিল্ডি নির্মাণের যারা অনুমতি দেয়, যে কর্তৃপক্ষ, যেমন রাজউকসহ অন্যান্য যারা আছে, তাদের অবহেলার কাররেণ এটা হয়েছে।”
আর সার্বিকভাবে সরকারই যেহেতু সব দপ্তর পরিচালনার দায়িত্বে রয়েছে, সেহেতু এফআর টাওয়ারের ঘটনার দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেন ফখরুল।
“আমরা আগেই বলেছি, দেশে একটা নৈরাজ্যের মত অবস্থার সৃষ্টি হয়েছে। কোনো জবাবদিহিতা নেই্, কারও কাছে কোনো একাউন্টেবিলিটি নেই। সেই কারণে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে।”
ওই ভবনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি অফিসের মালিক ফয়জুর রহমান হীরুকে পাশে নিয়ে ফখরুল বলেন, “আমি এখানে দেখার জন্য এসেছিলাম। আমার এক ছাত্রের এখানে একটা অফিস ছিল। সে (ফয়জুল রহমান হীরু) এখানে নিজেই আছে। তার একই অফিসে নয়জন মারা গেছে। আরও তিনজন হাসপাতালে আছে।
“এই যে মানুষগুলো চলে গেল, তাদের পরিবার-পরিজনদের বিষয়গুলো-কী ভয়াবহ মর্মান্তিক।… এটা আমি মেনে নিতে পারি না, আমরা কেউ মেনে নিতে পারছি না এই ধরনের মৃত্যু।”
সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, “আজকে দুর্ভাগ্য যে, পরপর কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়ে গেল কিন্তু সরকার সেইভাবে কোনো কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে।”
বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ সময়ে ফখরুলের সঙ্গে ছিলেন।
