২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচিতদের সংসদে আসতে বাধা না দিতে আহ্বান নাসিমের

জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত হয়ে যারা সংসদ সদস্য হিসেবে শপথ নিতে চাইছেন, তাদের বাধা না দিতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2019, 09:11 PM

Updated : 18 Aug 2022, 04:56 PM

সোমবার ঢাকার ডিপ্লোমা ইঞ্জনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় এই দোয়া মহফিল ও আলোচনা সভায় বক্তব্যে ঐক্যফ্রন্ট নেতাদের উদ্দেশে এই আহ্বান জানান তিনি।

একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের বিএনপি ও গণফোরাম থেকে আটজন সংসদ সদস্য নির্বাচিত হলেও ভোট ডাকাতির অভিযোগ তুলে শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই জোট।

এদের মধ্যে গণফোরামের দুজন সংসদ সদস্য হিসেবে শপথ নিতে এগিয়ে যাওয়ার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দলটি।

নাসিম বলেন, “বাংলাদেশে আন্দোলন করে এখন কিছু হবে না। এখন পথ হচ্ছে একটাই, সংসদে এসে কথা বলা।

“যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, তারা সংসদে আসুক। তাদের বাধা দেওয়া তো গণতান্ত্রিক অধিকার হতে পারে না। তারা তো জনগণের ভোটে নির্বাচিত। তারা এসে সংসদে আপনাদের পক্ষ থেকে কথা বলুক।”

“আপনারা শপথ নিয়ে সংসদে এসে সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দিন,” ঐক্যফ্রন্ট নেতাদের উদ্দেশে বলেন নাসিম।

উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে শক্ত ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

“প্রধানমন্ত্রী চান উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হোক। নির্বাচন কমিশনকে বলি শুধু কথা শুনতে চাই না, কাজে প্রমাণ চাই। উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইসি ও প্রশাসনকে কঠোর থাকতে হবে।”

বঙ্গবন্ধু একাডেমি  মহসচিব হুমায়ুন কবির মিজির সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হক সবুজ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানের শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল হয়।

পুরনো খবর:

মনসুর-মোকাব্বির শপথ নিলে ব্যবস্থা: মন্টু