২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার জন্য ঢাকায় মানববন্ধন করবে বিএনপি

খালেদা জিয়ার ‍নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ঢাকায় মানববন্ধন করবে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2019, 02:51 PM

Updated : 18 Aug 2022, 04:56 PM

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, ৬ মার্চ বেলা ১১টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক ঘন্টার এই কর্মসূচি পালন করা হবে।

দুর্নীতির দুই মামলায় ১৭ বছর কারাদণ্ডে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

সেখানে তার স্বাস্থ্যের ‘চরম অবনতি’ হয়েছে দাবি করে রিজভী বলেন, “গতকাল কারাগারের অস্থায়ী আদালতে এসে তিনি নিজে বলেছেন, ‘আমার শরীরটা ভালো যাচ্ছে না’। তার স্বাস্থ্যের ক্রমাবনতিতে দেশবাসীর মত আমরা খুবই খুবই উদ্বিগ্ন, আমরা বেদনার্ত।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, “তিনবারের সর্বোচ্চ ভোটে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শুধু প্রতিহিংসাবশত এমন নিষ্ঠুর বর্বরতম আচরণের অবসান ঘটান। দেশনেত্রীকে মুক্তি দিন। জামিনে আর বাধা দিবেন না।”

রিজভী দাবি করেন, ‘ঔপনিবেশিক আমলেও’ জনপ্রিয় রাজবন্দিদের প্রতি ‘এমন অমানবিক আচরণ’ করা হয়নি।

“অবৈধ ক্ষমতা দখলে রাখতে গিয়ে সভ্যতা-ভব্যতা-ন্যায়নীতি-মানবতা আর বিসর্জন দেবেন না। অমানবিকতা পরিহার করুন। এখনো সময় আছে দেশনেত্রীকে মুক্তি দিন, সুচিকিৎসার সুযোগ দিন।”

গুরুতর অসুস্থ হয়ে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনা করে রিজভী বলেন, “আল্লাহ তাকে দ্রুত সুস্থ করুন।”

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা মাহবুবে রহমান শামীম, আবদুস সালম আজাদ, মুনির হোসেন, মোস্তাক মিয়া, হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।